মেলবোর্ন, ২১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "সত্যি কথা বলতে কি, দ্বিতীয় সেটে সে আমার চেয়ে ভালো খেলেছে। শুরুতে সে এগিয়ে গিয়েছিল। কিন্তু শেষ দিকে হয়তো তার শট নির্বাচনে ভুল ছিল। তার দিক বিবেচনা করলে এটা দুর্ভাগ্যজনক। আর আমার জন্য সরাসরি সেটে জয় পাওয়া এক দারুণ ঘটনা"-- ম্যাচশেষে রজার ফেদেরারের সরল স্বীকারোক্তি। দুদিন আগে প্রায় সাড়ে চার ঘন্টা লড়াই করে ৫ সেটের এক 'থ্রিলার' শেষে প্রতিপকে হারিয়েছিলেন। সোমবার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে জয় পাওয়ার জন্য তাকে ৫ সেট খেলতে হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগে 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'কে কম ভোগাননি ত্রয়োদশ বাছাই চেক প্রজাতন্ত্রের টমাস বার্দাইচ। শেষ পর্যন্ত অনেক ঘাম ঝরিয়ে ৬-৪,৭-৬ (৯-৭),৬-৩ গেমে জিতে হ্যাটট্রিক শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন ফেদেরার।
তবে লেটন হিউইট আগের ম্যাচের ধকল সামলে জিততে পারেননি। শনিবার তৃতীয় রাউন্ডে ৫ সেটের ম্যারাথন লড়াইশেষে (ম্যাচটা শেষ হয়েছিল স্থানীয় সময় রোববার ভোর ৪টা ৩৩ মিনিটে!) মার্কোস বাগদাতিসের বিপে জয় পাওয়া সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' হেরে গেছেন তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচের কাছে। ম্যাচটির স্কোরলাইন ৭-৫,৬-৩,৬-৩। পুরুষ বিভাগে শেষ আটে ফেদেরার-দিউকোভিচের সঙ্গী হয়েছেন ডেভিড ফেরার ও জেমস ব্লেক। চতুর্থ রাউন্ডে ফেরার হুয়ান কার্লোস ফেরেরো এবং ব্লেক মারিন কিলিচকে হারিয়েছেন।
মহিলা বিভাগে ভেনাস উইলিয়ামসের জয় পেতে সমস্যা হয়নি। উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস মোটামুটি সহজেই ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছেন পোল্যান্ডের মার্তা দোমাচোস্কাকে। চতুর্থ বাছাই আনা ইভানোভিচও উঠেছেন কোয়ার্টার ফাইনালে। ডেনমার্কের ক্যারোলিন ওজনিয়াচকিকে ৬-১,৭-৬ (৭/২) গেমে হারিয়েছেন তিনি। দোমাচোস্কা না পারলেও পোলিশদের দুঃখ ভুলিয়ে দিয়েছেন আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। পোল্যান্ডের প্রথম মহিলা খেলোয়াড় হিসাবে কোনো গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ওঠার পথে চতুর্দশ বাছাই নাদিয়া পেত্রোভাকে হারিয়েছেন তিনি। এছাড়া মারিয়া কিরিলেঙ্কোকে হারিয়ে ড্যানিয়েলা হানতুচোভাও পা রেখেছেন শেষ আটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২২০০ঘ.
bdnews24