লন্ডন/মাদ্রিদ/মিলান, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মৌসুমের উদ্বোধনী ম্যাচটাও খেলেছিল দু'দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে সে ম্যাচে রুখে দিয়েছিল রিডিং। শনিবার সে পথেই যাচ্ছিলো তারা। হতে দেননি ওয়েইন রুনি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটা ম্যানইউ জিতেছে ২-০ গোলে। সুবাদেই আর্সেনালের কাছ থেকে ছিনিয়ে নেওয়া শীর্ষস্থানটা ধরে রেখেছে তারা। ফুলহামকে ৩-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্সেনালও। ২৩ ম্যাচে সমান ৫৪ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এখনও পিছিয়ে আছে গানাররা। ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে চেলসি। শনিবারের ম্যাচে বার্মিংহাম সিটিকে ১-০ গোলে হারিয়েছে তারা। এছাড়া সেন্ট জেমস পার্কে কেভিন কিগানের দ্বিতীয় দফা দায়িত্বগ্রহণের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেড গোলশুন্য ড্র করেছে বোল্টন ওয়ান্ডারার্সের সঙ্গে।
স্প্যানিশ প্রিমেরা লিগে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভিলারিয়াল। এ জয়ে তাদের পয়েন্ট দাড়িয়েছে ৩৮। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০। অষ্টম স্থানে থাকা সেভিয়ার দুরাবস্থা কাটেনি। শনিবার গেটাফের কাছে ৩-২ গোলে হেরেছে তারা।
ইতালিতে আদ্রিয়ান মুটুর আদায় করা দুটো পেনাল্টি কাজে লাগিয়ে তুরিনোকে ২-১ গোলে হারিয়েছে ফিওরেন্টিনা। এই জয়ে সিরি-এ'র পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে তারা। দিনের অন্য ম্যাচে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে জেনোয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭০০ঘ.
bdnews24