মেলবোর্ন, ১৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- "কী দুর্দান্ত এক লড়াই! এ ধরণের পরিস্থিতিতে পড়লে আপনার চুল অল্প বয়সেই পেকে যেতে পারে। ওর জন্য দুঃখ হচ্ছে ঠিকই, তবে আমার জন্য নিঃসন্দেহে অসাধারণ এক জয় এটা"--- ম্যাচশেষে রজার ফেদেরারের স্বস্তিভরা মন্তব্য। 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর তখন স্বস্তিতে থাকারই কথা। একটু আগেই যে অতিকষ্টে জয় নিশ্চিত করেছেন তিনি। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে বিশ্বের ৪৯ নম্বর খেলোয়াড় সার্বিয়ার ইয়ানকো তিপসারেভিচের বিপক্ষে প্রায় সাড়ে চার ঘন্টা লড়াই করে ৬-৭,৭-৬,৫-৭,৬-১,১০-৮ গেমে জিতেছেন ফেদেরার।
গত দু বারের চ্যাম্পিয়ন ফেদেরারের কষ্টাজিত জয়ের দিনটা ছিল অঘটনে ভরা। মহিলাদের দ্বিতীয় বাছাই স্ভেৎলানা কুজনেৎসোভাকে আগনিয়েস্কা রাদওয়ানস্কা, ষষ্ঠ বাছাই আনা চাকভেতাদজেকে তারই সাবেক ক্লাব সতীর্থ মারিয়া কিরিলেঙ্কো এবং পুরুষ বিভাগে গতবারের রানার আপ সপ্তম বাছাই ফার্নান্দো গনজালেজকে হারিয়ে দিয়েছেন মারিন কিলিচ। তবে পুরুষদের তৃতীয় বাছাই নোভাক দিউকোভিচ ও মহিলাদের চতুর্থ বাছাই আনা ইভানোভিচ সরাসরি সেটে জিতেই পা রেখেছেন চতুর্থ রাউন্ডে। অষ্টম বাছাই ও সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' ভেনাস উইলিয়ামসও জিতেছেন। অনেক লড়াই করেও তাকে হারাতে পারেননি ভারতের 'টেনিস সুন্দরী' ৩১তম বাছাই সানিয়া মীর্জা। ম্যাচের স্কোরলাইন ৭-৬,৬-৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১১৬ঘ.
bdnews24