২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলারদের দাবি নিয়ে আলোচনা হবে বাফুফে সভায়

আন্দোলনমুখী খেলোয়াড়দের ফুটবল বর্জনের হুমকিতে আরেকটা ধাক্কা খেল বাফুফে। প্রতিষ্ঠানটি এমনই সমস্যা-জর্জর যে ধাক্কা সামলানোর ক্ষমতা কতটুকু-কী আছে বলা মুশকিল। তবে আপাতত খবর হচ্ছে, আগামী ২৪ জানুয়ারি বাফুফে সভায় ফুটবলারদের দাবি আলোচিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:13 PM

ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আন্দোলনমুখী খেলোয়াড়দের ফুটবল বর্জনের হুমকিতে আরেকটা ধাক্কা খেল বাফুফে। প্রতিষ্ঠানটি এমনই সমস্যা-জর্জর যে ধাক্কা সামলানোর ক্ষমতা কতটুকু-কী আছে বলা মুশকিল। তবে আপাতত খবর হচ্ছে, আগামী ২৪ জানুয়ারি বাফুফে সভায় ফুটবলারদের দাবি আলোচিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "২৪ জানুয়ারি বাফুফের সভা আছে, তাতে বি. লিগ ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।" গত বৃহস্পতিবার বুয়েট মাঠে খেলোয়াড়রা সভা করে খেলার দাবিতে আন্দোলনের দামামা বাজিয়ে দিয়েছে। সেখান থেকেই বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয় ঘোষণা দিয়েছেন, "চার-পাঁচ মাস আগে প্রথম বি. লিগ শেষ হয়ে গেলেও এখনো দ্বিতীয় আসর আয়োজনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। জানুয়ারির মধ্যে বাফুফে দলবদলের সূচী দেওয়ার কথা বললেও দেয়নি। তাই আমরা আহ্বান জানাচ্ছি, আগামী ২৪ জানুয়ারির মধ্যে সব লিগ, টুর্নামেন্টের একটা ক্যালেন্ডার ঘোষণা করতে হবে। তা না হলে সব ধরনের ফুটবল বর্জন করবে ফুটবলাররা।" এই দাবি শুধু জয়, হাসান আলম মামুন কিংবা মাসুদ রানার নয়, তাদের নেতৃত্বে অন্যরাও খেলার দাবিতে আন্দোলনমুখর । কিন্তু তাতে বিশৃঙ্খলার গন্ধ খুঁজে পেয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, "সবকিছুতে শৃঙ্খলা থাকা উচিত। তারা যা করছে তা মোটেও ঠিক নয়। মূলতঃ কয়েকজন সিনিয়র ফুটবলার এটা করছে।" কী বিশৃঙ্খলা করছেন ফুটবলাররা সেটা অবশ্য তিনি স্পষ্ট করেননি। গত জুলাইয়ে বি. লিগ শেষ হওয়ার ৫ মাস পর আবার লিগের দাবি তোলার মধ্যে অন্যায় কী আছে তা কেবল মালুই জানেন। বাফুফে-কর্তারা ফুটবল লিগের নির্দিষ্ট সূচী দিতে পারেন না অথচ ফুটবলাররা খেলার দাবি তুললে শৃঙ্খলাভঙ্গ হয়ে যায়! মালু অবশ্য দাবি করেছেন, "আমাদের তো নিজস্ব বর্ষপঞ্জি আছে।" কথাটা শুনলেই বাফুফে কর্তাদের চেনা-পরিচিতরা হয়তো মুখে রুমাল দিয়ে হাসবেন অথবা চোখ কপালে উঠে যাবে। কারণ "বর্ষপঞ্জি" নামের কোনো বস্তু ভুল করেও কেউ দেখেছে এমন প্রমাণ পাওয়া যাবে না। এতদিন খেলা চলে এসেছে বাফুফে কর্তাদের কল্পনা-পঞ্জি মেনে। সেটা যদি থাকতোই ফুটবলাররা নিশ্চয়ই জানতেন বি. লিগ কবে হবে। মালুও জানতেন দলবদল ও লিগ শুরুর তারিখ। তাহলে সেটা না বলে তিনি কেন ২৪ তারিখের সভার কথা বলেছেন ? ফুটবলারদের এই আল্টিমেটামে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে মোহামেডানের বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৬ তারিখ থেকে তা শুরু হওয়ার কথা। তাই মোহামেডানের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান দুশ্চিন্তায় পড়ে গেছেন, "টুর্নামেন্ট আয়োজনের সবরকমের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে আমাদের। কিন্তু ফুটবলারদের আল্টিমেটামে তো সমস্যায় পড়ে গেলাম। এ নিয়ে দু-একদিনের মধ্যে আমরা বাফুফের সঙ্গে কথা বলবো।" আসলে ২৪ তারিখের মধ্যে বাফুফে থেকে ইতিবাচক কোনো ঘোষণা না এলে ২৬ জানুয়ারি থেকে বিজয় দিবস টুর্নামেন্ট মাঠে গড়ানো অনিশ্চিত। খেলোয়াড়দের খেলার দাবি তোলার ব্যাপারটি মোস্তাকের কাছে অপ্রত্যাশিত। "দলবদল কিংবা খেলার জন্য ফুটবলারদের আন্দোলন করতে হবে, এটা আমার কাছে অপ্রত্যাশিত এবং বাফুফের জন্য লজ্জাকর। ব্যাপারটা দাবি পর্যন্ত গড়াবে কেন, কখন কী হবে তার নির্ধারিত সূচী থাকবে না কেন ফেডারেশনের"-- বলেছেন মোহামেডানের এই অতিরিক্ত সাধারণ সম্পাদক। লিগ-টুর্নামেন্টের সূচী নিয়ে বাফুফে বরাবরই উদাসীন। আসলে মাঠের খেলার চেয়ে টেবিলের খেলাতেই কর্তাদের আগ্রহ বেশি। তাই ফুটবলের কথা ভুলে গিয়ে তারা এখন ব্যস্ত বাফুফের চেয়ার ধরে রাখা নিয়ে। মেয়াদোত্তীর্ণ কমিটি থেকে তিনজন পদত্যাগের পর অকার্যকর সভাপতিকে নিয়ে বাকিরা কোনোমতে ফিফাকে আঁকড়ে ধরে চোখ-কান বন্ধ করে চেয়ারে বসে আছেন। চারদিকে প্রতিবাদ হচ্ছে, এখন খেলোয়াড়রাও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদের সাংগঠনিক ব্যর্থতাগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫৫ঘ.