মেলবোর্ন, ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'অন্য গ্রহের' টেনিস খেলার কৃতিত্ব তো তার অনেক দিনেরই। সেটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিপক্ষরাও রজার ফেদেরারের এক এক গুণমুগ্ধ ভক্ত। হেরে যাওয়ার পর মুহূর্তেই তার প্রশংসাতেও সেই সব ভক্ত নিঃসঙ্কোচ! বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফেদেরারের কাছে উড়ে গিয়েও তেমন দুঃখ পাননি ফ্যাব্রিস সান্তোরো। বরং বিশ্বসেরাকে প্রশংসায় সিক্তই করেছেন ফ্রান্সের এই অভিজ্ঞ খেলোয়াড়।
ফেদেরারের আরেকটি দুর্দান্ত পারফরম্যান্সের দিনে অন্য বাছাই খেলোয়াড়রাও নিজেদের মর্যাদা ক্ষুন্ন হতে দেননি। তৃতীয় নোভাক দিউকোভিচ, পঞ্চম ডেভিড ফেরার, সপ্তম ফার্নান্দো গনজালেজ, দশম ডেভিড ন্যালবান্ডিয়ান, দ্বাদশ জেমস ব্লেক, ত্রয়োদশ টমাস বারদাইচ, ১৯তম লেটন হিউইট ও ২২তম হুয়ান কার্লোস ফেরেরো পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। তবে ২০০৫ সালের চ্যাম্পিয়ন কিন্তু এবারের টুর্নামেন্টে বাছাইয়ের মর্যাদা না পাওয়া মারাত সাফিন হেরে গেছেন। তিন বছর আগে শিরোপা জয়ের পথে সেমিফাইনালে ফেদেরারকে হারিয়ে দেয়া সাফিন হার মেনেছেন সাইপ্রাসের পঞ্চদশ বাছাই মার্কোস বাগদাতিসের কাছে। ম্যাচের স্কোরলাইন ৬-৪, ৬-৪, ২-৬, ৩-৬, ৬-২।
মহিলা বিভাগেও বাছাইদের জয়জয়কার। দ্বিতীয় স্ভেৎলানা কুজনেৎসোভা, চতুর্থ আনা ইভানোভিচ, ষষ্ঠ আনা চাকভেতাদজে, অষ্টম ভেনাস উইলিয়ামস, নবম দানিয়েলা হানতুচোভা, চতুর্দশ নাদিয়া পেত্রোভা ও ৩১তম সানিয়া মীর্জা তৃতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছেন। সেখানে অবশ্য সানিয়াকে কঠিন লড়াইয়ের সামনে পড়তে হবে। কারণ তার প্রতিপক্ষ উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস।
৩৫ বছর বয়সী সান্তোরোর অভিজ্ঞতার ভান্ডার দারুণ সমৃদ্ধ। অবিশ্বাস্য হলেও সত্যি, এটা তার ৬২তম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট! তাছাড়া হাতে বেশ কিছু দুর্দান্ত শট থাকায় তাকে বেশ কঠিন প্রতিপক্ষ বলেই মনে করে তারকারা। কিন্তু সেই সান্তোরোই ৬-১, ৬-২, ৬-০ গেমে বিধ্বস্ত হয়েছেন ফেদোরারের কাছে। একপেশে লড়াইটা শেষ হওয়ার পর প্রায় ৯ বছরের ছোট 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর প্রতি তার শ্রদ্ধাঞ্জলি, "সব কিছুই সহজ মনে হয় তার কাছে। খেলার মতো সে কোনো জায়গাই দেয় না। এইস মারারও জায়গা দেয় না সে। কারণ সে সব শটই রিটার্ন করতে পারে। আক্রমণ করার সময় যেমন তার হাতে সময় থাকে তেমনি ডিফেন্স করার সময়ও থাকে। আমি তার সঙ্গে আবারও খেলতে চাই। কারণ সে যা করে সেগুলো দারুণ দৃষ্টিনন্দন।"
হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী ফেদেরারও তার পারফরম্যান্সে সন্তুষ্ট, "আমি সত্যিই দক্ষতার সঙ্গে খেলেছি। স্কোরলাইন একেবারেই একপেশে ছিল। তাই সেটা আমার জন্যও সুখকর অনুভূতির জন্ম দিয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১০ঘ.
bdnews24