ঢাকা, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ফ্লাইট বিলম্বের কারণে তাদের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনটা পিছিয়ে দিতে হলো ঘন্টাখানেক। তবে বুধবার বিকেলে এয়ারপোর্ট থেকে সরাসরি সংবাদ সম্মেলনে এসে লন্ডন টাইগার্স ফুটবল দলের দলনেতা মেজবাহ আহমেদ জানালেন, তারা বাংলাদেশে শুধু তিনটা প্রদর্শনী ম্যাচ খেলতেই আসেননি। এসেছেন বাংলাদেশের ফুটবল উন্নয়নে কীভাবে সহযোগীতা করা যায়, তার একটা হোমওয়ার্ক করতেও।
লন্ডন টাইগার্স ক্লাবটি মূলত বাঙ্গালী ব্রিটিশ নাগরিকদের নিয়ে গঠিত। লন্ডনের মেয়র ক্লাবটির প্রধান পৃষ্ঠপোষক। অন্যান্য খেলার পাশাপাশি ফুটবলেও তাদের একাধিক দল আছে। যার মধ্যে মূল দলটি ইংল্যান্ডে সেমি-প্রফেশনাল ফুটবলে খেলে থাকে। অন্য অনেক টুর্নামেন্টের পাশাপাশি তারা ইউকে এশিয়ান কমিউনিটি কাপে দুবারের চ্যাম্পিয়ন। এই টুর্নামেন্টটির কথা আলাদাভাবে উল্লেখ করার কারণ, এর ফাইনাল ম্যাচটা হয় চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। সেই সূত্রে ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা ক্লাবটির সঙ্গে তাদের একটা নিবিড় যোগাযোগ আছে বলেও দাবি করলেন মেজবাহ। বাংলাদেশের যুব ফুটবল উন্নয়নে এই যোগাযোগটাকেই কাজে লাগানোর চেষ্টার কথা জানালেন মেজবাহ।
"এখানে আসার আগেও চেলসির সঙ্গে একেবারে প্রাথমিক স্তরের আলোচনা করে এসেছি আমরা। এখন এখানে বেশকিছু বৈঠক করবো আমরা যাতে বোঝা যায় কীভাবে বাংলাদেশের ফুটবলকে সাহায্য করলে ভালো হয়। এরপর ফিরে গিয়ে আমরা চেলসিকে রাজি করানোর চেষ্টা করবো যেন যুব ফুটবল উন্নয়নে বাংলাদেশে একটা একাডেমী তারা করে দেয়। এমনিতে ভারতের টাটা একাডেমীর সঙ্গে এবিষয়ে তাদের একটা পার্টনারশিপ আছে। দিল্লীতেও একটা একাডেমী আছে যেটা ম্যানচেস্টার ইউনাইটেডের করে দেওয়া"- বলছিলেন লন্ডন টাইগার্সের প্রধান নির্বাহীরও দায়িত্বে থাকা মেজবাহ।
বাঙ্গালী ব্রিটিশ নাগরিকদের ক্লাব হলেও লন্ডন টাইগার্স আসলে বহুজাতিক বলেও জানালেন এই বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক। তাদের সার্বিক কর্মকান্ডে ৬৩টি দেশের মানুষের প্রতিনিধিত্ব। ঢাকায় খেলতে আসা দলটিতেও আছেন মরক্কো, লেবানন, আফগানিস্তান, ইংল্যান্ড, নাইজেরিয়া, আলবেনিয়া, মিশর, পাকিস্তান ও পর্তুগালের খেলোয়াড়। এই দলটা বৃহষ্পতিবার দুপুর দুইটায় বুয়েট মাঠে ঢাকা একাদশের বিপক্ষে একটা প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে। ঢাকা একাদশ গত বছর লন্ডনে গিয়ে এমনই তিনটি ম্যাচ খেলে এসেছিল লন্ডন টাইগার্সের সঙ্গে। ২০ জানুয়ারি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী এবং ২২ জানুয়ারি সিলেট স্টেডিয়ামে আতিক গোল্ডকাপ ফুটবলের সেরা একাদশের সঙ্গে আরো দুটো প্রদর্শনী ম্যাচ খেলবে।
যদিও বৃহষ্পতিবারের ম্যাচটা সকাল এগারোটায় হওয়ার কথা ছিল কমলাপুর স্টেডিয়ামে। কিন্তু শেষপর্যন্ত সেটা বরাদ্দ না পাওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভই ঝাড়লেন সাবেক জাতীয় অধিনায়ক আরিফ খান জয়, "এই কিছুদিন আগে এক লাখ টাকায় কনসার্ট করার জন্য মাঠ ছেড়ে দেওয়া হয়েছিল। আর এখন খেলার জন্য আমরা মাঠ পাচ্ছি না এইসব অবিবেচক কর্মকর্তাদের জন্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24