মেলবোর্ন, ১৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিনেই 'বড়' এক ম্যাচ! এবারের টুর্নামেন্টে বাছাইয়ের মর্যাদা না পেলেও লিন্ডসে ড্যাভেনপোর্ট তো সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'। কয়েক মাস আগেও র্যাংকিংয়ের শীর্ষে থাকা মারিয়া শারাপোভার সঙ্গে তার লড়াইটা তাই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার আশাই করেছিল টেনিস-ভক্তরা। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি। দুই সাবেক 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর লড়াইয়ে ড্যাভেনপোর্টকে দাঁড়াতেই দেননি শারাপোভা। টুর্নামেন্টের গত বারের রানার আপ ও পঞ্চম বাছাই শারাপোভা সহজেই ৬-১, ৬-৩ গেমে হারিয়েছেন ২০০০এর চ্যাম্পিয়ন ড্যাভেনপোর্টকে।
আগের দু দিনের মতো বুধবারও বড় কোনো অঘটন দেখেনি বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। মহিলা বিভাগে শীর্ষ বাছাই জাস্টিন হেনিন, তৃতীয় ইয়েলেনা ইয়ানকোভিচ, সপ্তম ও বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামস, একাদশ এলেনা দেমেন্তিয়েভা ও অষ্টাদশ বাছাই অ্যামেলি মরেসমো জয় দিয়ে পা রেখেছেন তৃতীয় রাউন্ডে। পুরুষ বিভাগেও দ্বিতীয় রাফায়েল নাদাল, চতুর্থ নিকোলাই ডাভিডেঙ্কো, ষষ্ঠ অ্যান্ডি রডিক, অষ্টম রিচার্ড গ্যাসকে ও চতুর্দশ বাছাই মিখাইল ইয়ুঝনিকে জয়ের জন্য তেমন ঘাম ঝরাতে হয়নি। তৃতীয় দিনে অঘটন বলতে দুটি। পুরুষদের একাদশ বাছাই টমি রব্রেডো ও মহিলাদের পঞ্চদশ বাছাই প্যাটি স্নাইডার এবারের মতো বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনকে।
তবে সে সব নয়, দিনের সবচেয়ে আগ্রহোদ্দীপক ম্যাচ ছিল শারাপোভা ও ড্যাভেনপোর্টের। পুত্র সন্তান জন্ম দেয়ায় প্রায় এক বছর টেনিস সার্কিটের বাইরে থাকলেও গত সেপ্টেম্বরে ফেরার পর থেকেই ড্যাভেনপোর্ট দারুণ ফর্মে আছেন। ২০ ম্যাচে ১৯টা জয়েই তা প্রমাণিত। কিন্তু 'রুশ সুন্দরী' শারাপোভা তাকে পাত্তাই দেননি। প্রথম সেটে উড়ে যাওয়ার পর দ্বিতীয় সেটে প্রতিরোধের ইঙ্গিত দিয়েছিলেন ড্যাভেনপোর্ট। কিন্তু সপ্তম ও নবম গেমে সার্ভ ব্রেক করে ম্যাচটা তাড়াতাড়িই শেষ করে দেন শারাপোভা। যদিও লড়াইটাকে মোটেই সহজ বলে তার মনে হয়নি, "সত্যি বলতে কি, এটাকে ফাইনালে হিসাবেই আমি দেখেছি। যে দিন দেখলাম যে তার (ড্যাভেনপোর্টের) সঙ্গে আমার খেলা পড়তে পারে, সে দিন থেকেই তার খেলা নিয়ে কাজ শুরু করেছি আমি। আমি চেয়েছি আমার কোচ যেন যত জোরে সম্ভব বল হিট করে। কারণ (মেয়েদের টেনিসে) সে (ড্যাভেনপোর্ট) হলো অন্যতম বিগ হিটার।"
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হওয়ায় ড্যাভেনপোর্ট স্বাভাবিকভাবেই খুব হতাশ। কিন্তু তাই বলে একেবারে ভেঙ্গে না পড়ে সামনে তাকাতে চান, "হতাশ হওয়ার কথাই সবার আগে আমি বলতে চাই। আমি জানি এ সপ্তাহে যা খেলেছি তার চেয়ে আরো অনেক ভালো খেলতে পারি। আমাকে এখন বড় টুর্নামেন্টগুলোতে ভালো খেলার উপায় খুঁজে বের করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৪৫ঘ.
bdnews24