২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে স্পনসর করতে রাজি নয় প্রাইম ব্যাংক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে না করে দিয়েছে প্রাইম ব্যাংক। বাফুফে কর্তাদের সঙ্গে তিনটি বৈঠকের পর তারা দেশের ফুটবলকে স্পনসরে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2008, 04:29 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে না করে দিয়েছে প্রাইম ব্যাংক। বাফুফে কর্তাদের সঙ্গে তিনটি বৈঠকের পর তারা দেশের ফুটবলকে স্পনসরে অপারগতা প্রকাশ করে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। কথা ছিল বাংলাদেশের ফুটবলকে স্পন্সর করবে প্রাইম ব্যাংক। গত অক্টোবরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বেসরকারি ব্যাংকগুলোকে ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানিয়েছেন। সেনাপ্রধানের ওই অনুরোধে ব্যাংকগুলো সাড়া দেয়ার পর ১৯ টি খেলার পৃষ্ঠপোষক হিসেবে ১৯ টি ব্যাংকের নাম ঘোষণা করে বিওএ। তাতে বাংলাদেশের ফুটবলের স্পনসরের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাইম ব্যাংককে। গত অক্টোবরে ওই ঘোষণার পর পর তারা কোনো আপত্তি না জানালেও মঙ্গলবার প্রাইম ব্যাংক আনুষ্ঠানিকভাবে চলতি বছরে ফুটবল স্পনসরে অপারগতার কথা জানিয়েছে। বাফুফের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাত্তাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "প্রাইম ব্যাংক আজ (মঙ্গলবার) চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা এ বছর ফুটবলকে স্পনসর করতে পারবে না। চিঠিতে তারা সারা বাংলাদেশে গলফ স্পনসরের কথা উল্লেখ করেছে। তারা দাবা ও টেনিসকে পৃষ্ঠপোষকতা করছে এবং সেখানেও তাদের প্রচুর অর্থ খরচ হয় বলে লিখেছে চিঠিতে। এসব কারণে প্রাইম ব্যাংক ফুটবলে পৃষ্ঠপোষকতা করতে পারবে না বলে জানিয়েছে।" মিডিয়া ম্যানেজারের দেওয়া তথ্য অনুযায়ী গত ২০ অক্টোবর তারা ২০০৮ সালের জন্য আনুষ্ঠানিকভাবে অর্থ চেয়েছিলেন প্রাইম ব্যাংকের কাছে। ২১টি ইভেন্টের জন্য সাড়ে ৯ কোটি টাকার দাবি ছিল তাদের। এরপর এই বেসরকারি ব্যাংকের সঙ্গে বাফুফের কয়েকটি সভা হলেও মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে অপরাগতা প্রকাশ করে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলেছেন, "তাদের (প্রাইম ব্যাংকের) সঙ্গে আমাদের তিনটি সভা হয়েছে, তাতেও তারা তেমন ইতিবাচক সাড়া দেয়নি। সেজন্যই আমরা অপারগতার কথা লিখিতভাবে দেওয়ার জন্য বলেছি তাদের।" তবে সাধারণ্যে ধারণা হচ্ছে, এত বড় টাকার অংক দেখেই পিছিয়ে গেছে প্রাইম ব্যাংক। যদিও তা মনে করছেন না ভারপ্রাপ্ত বাফুফে সম্পাদক, "পুরোটা না হলেও তো আমাদের আপত্তি ছিল না। বাজেটে ইভেন্ট অনুযায়ী উল্লেখ করা ছিল। বি. লিগ, জাতীয় লিগ এরকম কয়েকটি হলেও স্পনসর করতে পারতো তারা।" তবে বিওএ'র (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ মনে করেন টাকার অংক এবং ফুটবল ফেডারেশনের নাজুক অবস্থাই বাধা হয়ে দাঁড়িযেছে, "৯/১০ কোটি টাকার একটা বাজেট দিলে তো যে কেউ ভয় পেয়ে যাবে। এছাড়া ফেডারেশনের নড়বড়ে অবস্থা নিয়ে পত্রপত্রিকার রিপোর্ট এবং ফুটবলের বর্তমান অবস্থা নিশ্চয়ই প্রভাব ফেলেছে প্রাইম ব্যাংকের এই সিদ্ধান্তে।" অথচ বাফুফের অকার্যকর সভাপতি এস এ সুলতানের সঙ্গে প্রাইম ব্যাংকের সভার পর ইতিবাচক কথা শুনেছিলেন কর্ণেল ওয়ালী। তার কথা, "প্রাইম ব্যাংকের কর্তাদের সঙ্গে আবার বসতে হবে। কী কারণে তারা পিছিয়ে যাচ্ছে তা আলাপ-আলোচনা করে সমাধান করতে হবে।" প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসান হাবীবও অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "এখনো দুয়ার খোলা আছে। আপনারা চিঠি দেখলে বুঝতে পারবেন এটা পুরোপুরি নেতিবাচক নয়। আসলে আমাদের বাজেট হয়ে যাওয়ায় ফুটবলকে অতো টাকা দেওয়ার সুযোগ নেই। তারপরও বলছি সুযোগ পেলে আমরা অবশ্যই এগিয়ে আসবো।" বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.