মেলবোর্ন, ১৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ প্র্যাকটিসের অভাব থাকুক বা না-ই থাকুক, রজার ফেদেরারকে আটকানো সত্যিই মুশকিল! কয়েক দিন পেটের পীড়ায় ভোগার কারণে অস্ট্রেলিয়ান ওপেনের আগে ম্যাচ খেলতে পারেননি। নতুন বছরের প্রথম ম্যাচ খেললেন মঙ্গলবার, অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে। কিন্তু ম্যাচ প্র্যাকটিসের অভাবজনিত কোনো দুর্বলতা খুঁজেই পাওয়া যায়নি হ্যাটট্রিক শিরোপা প্রত্যাশী ফেদেরারের র্যাকেটে। আর তাই আর্জেন্টিনার অবাছাই ডেভিড হার্টফিল্ড উড়ে গেলেন ৬-০, ৬-৩, ৬-০ গেমে।
পুরুষদের শীর্ষ বাছাইয়ের মতো অন্যান্য বাছাইদেরও ভালোই কেটেছে দিনটা। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বড় কোনো অঘটনের জন্ম হয়নি মেলবোর্ন পার্কে। তৃতীয় নোভাক দিউকোভিচ, সপ্তম ফার্নান্দো গনজালেজ, দশম ডেভিড ন্যালবান্ডিয়ান, পঞ্চদশ মার্কোস বাগদাতিস ও উনবিংশ বাছাই লেটন হিউইট পরের রাউন্ডে উঠেছেন। এবার অবাছাই কিন্তু ২০০৫ সালের চ্যাম্পিয়ন (সেবার সেমিফাইনালে ফেদেরারকে হারিয়েছিলেন তিনি) মারাত সাফিনও পৌঁছে গেছেন দ্বিতীয় রাউন্ডে। পুরুষদের বিভাগে অঘটন বলতে একটাই --- সপ্তদশ বাছাই ইভান লিউবিসিচের পরাজয়।
মহিলা বিভাগেও বড় কোনো অঘটন নেই। দশম বাছাই মারিয়ন বার্তোলি ও ষোড়শ বাছাই দিনারা সাফিনার প্রথম রাউন্ডে ছিটকে পড়ায় নিশ্চয়ই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ঔজ্জ্বল্য তেমন ম্লান হয়নি! বরং দ্বিতীয় স্ভেৎলানা কুজনেৎসোভা, চতুর্থ আনা ইভানোভিচ, ষষ্ঠ আনা চাকভেতাদজে, অষ্টম ভেনাস উইলিয়ামস, নবম দানিয়েলা হানতুচোভা, চতুর্দশ নাদিয়া পেত্রোভা এবং ৩১তম বাছাই ভারতের 'টেনিস সুন্দরী' সানিয়া মীর্জার জয় অস্ট্রেলিয়ান ওপেনের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে অনেকখানি।
ত্রয়োদশ গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মেলবোর্নে পা রাখা ফেদেরার দাঁড়াতেই দেননি হার্টফিল্ডকে। মাত্র ৭৪ মিনিটে ম্যাচ শেষ করে দেয়ার পর 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান'-এর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া, "আজ (মঙ্গলবার) রাতে আমার ফর্ম দেখে আমি খুশিই হয়েছি। শুরুটা সব সময়ই কঠিন হয়। তাছাড়া আমি জানতাম যে তার (হার্টফিল্ডের) সার্ভ বেশ ভালো। তা এ রকম দুর্দান্ত ফল দেখে আমি বেশ বিস্মিতই। মানসিক দিক দিয়ে আমার কোনো ত্র"টি-বিচ্যুতি ছিল না আর বেশ ভালোও খেলেছি। বিশেষ করে সার্ভ খুব ভালো করেছি। আমার কাছে এটা সব সময়ই খুব গুরুত্বপূর্ণ।"
দ্বিতীয় রাউন্ডে অবশ্য কঠিন লড়াইয়ের সামনে পড়তে হতে পারে ফেদেরারকে। অবাছাই হলেও ফ্রান্সের ফ্যাব্রিস সান্তোরো টেনিস সার্কিটের বেশ অভিজ্ঞ খেলোয়াড়। টুর্নামেন্টের হট ফেভারিট অবশ্য তা নিয়ে শঙ্কিত নন,"সান্তোরো বেশ কঠিন প্রতিপক্ষ। তার অভিজ্ঞতার ভান্ডার বিশাল আর সে এক জন দুর্দান্ত ট্যাকটিশিয়ান। কিন্তু আমার ধারণা তার বিপক্ষে কিভাবে খেলতে হবে তা আমি ভালো মতোই জানি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৫০ঘ.
bdnews24