২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ বিষয়ে ফিফা সিদ্ধান্ত বদলালে খুশি হবেন বাফুফে সভাপতি!

জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের বক্তব্যে শংকায় পড়েছে বাফুফের একটি পক্ষ। শংকা নিজেদের পদ নিয়ে, পুনরায় নির্বাচিত হয়ে আসার অনিশ্চয়তা বেড়ে যাওয়া নিয়ে। কারণ তাদের বাফুফে নির্বাচনের মূল অবলম্বন সরকারবর্জিত ডিএফএ। তাতে রোববার জল ঢেলে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, জেলা প্রশাসকদের বাদ দিয়ে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) হলে জেলায় ফুটবল চলবে না। এই সত্যটা ফিফার কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নিচ্ছেন সেনাপ্রধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2008, 02:36 PM

Updated : 26 Aug 2022, 01:12 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যানের বক্তব্যে শংকায় পড়েছে বাফুফের একটি পক্ষ। শংকা নিজেদের পদ নিয়ে, পুনরায় নির্বাচিত হয়ে আসার অনিশ্চয়তা বেড়ে যাওয়া নিয়ে। কারণ তাদের বাফুফে নির্বাচনের মূল অবলম্বন সরকারবর্জিত ডিএফএ। তাতে রোববার জল ঢেলে দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, জেলা প্রশাসকদের বাদ দিয়ে ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) হলে জেলায় ফুটবল চলবে না। এই সত্যটা ফিফার কাছে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ নিচ্ছেন সেনাপ্রধান। সেনাপ্রধানের এই মনোভাব দেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান কমিটির কর্মকর্তাসহ কিছু সদস্য হতাশ হয়ে পড়েছেন। কারণ তারা ভীষণভাবে সরকার বর্জিত ডিএফএ'র পক্ষে। এ নিয়ে ফেডারেশনের বাইরে একদল সংগঠক কয়েকমাস ধরে প্রতিবাদ জানিয়ে এলেও তাতে তারা কর্ণপাত করেননি। সরকারি প্রভাব না থাকলে যে বাফুফের বর্তমান কর্তারা নিজেদের মতো ডিএফএ গঠন করে আবার ফেডারেশনে নির্বাচিত হয়ে আসার নীল-নকশা করে রাখতে পারেন ! সেজন্যই তারা বিশেষ সাধারণ সভার দাবি উপেক্ষা করে ডিএফএ গঠনে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু রোববার মইন উ আহমেদের বক্তব্য এই ডিএফএ'র ভবিষ্যৎ-কে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। বাফুফে সদস্যরা অবশ্য এই হতাশা গোপন-ই রেখেছেন। এ নিয়ে কোনো মন্তব্য করতেই রাজি হননি কয়েকজন। তবে বাফুফের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন বলেছেন,"উনারা (সেনাপ্রধান ও জাতীয় ক্রীড়া পরিষদ) যদি আলাপ করে ফিফাকে সন্তুষ্ট করতে পারেন তাহলে আমাদের সমস্যা নেই।" জেলা প্রশাসকদের সম্পৃক্ত করার জন্য ফিফার সঙ্গে কথা বলবে সরকার। তাতে কোনো সুফল এলে নাকি মনির আহমেদই বেশি খুশি হবেন, "কমিটির অন্যান্যদের কথা জানি না আমি ব্যক্তিগতভাবে বেশ খুশি হবো ফিফার সঙ্গে সরকারের আলাপ যদি ইতিবাচক হয়। কারণ আমি বুঝি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া জেলা পর্যায়ে ফুটবল চালানো সম্ভব নয়।" তিনি ব্যক্তিগত মতামত দিয়েছেন, যার সঙ্গে কমিটির অন্যদের মত না মেলার সম্ভাবনাই বেশি। কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি গত ৩ জানুয়ারি বাফুফে সভায় গিয়ে নিজের উপলব্ধির কথা বলতে পারেননি। কমিটির অন্যরা সরকারবর্জিত ডিএফএ'র পক্ষে এতটাই সোচ্চার হয়েছিলেন যে শেষপর্যন্ত মনির আহমেদও মিলিয়ে গেছেন তাতে। সেনাপ্রধানের বক্তব্যের আগপর্যন্ত ডিএফএ গঠন নিয়ে তৎপর ছিলেন তিনি। এখন আবার সুর পাল্টে যাচ্ছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০২০ঘ.