২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর হ্যাটট্রিকে ম্যানইউ শীর্ষে, বার্সেলোনার বড় জয়

গত কয়েক ম্যাচেই জোড়া গোল করেই থামছিলেন। হ্যাটট্রিক করি করি করেও করা হচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার সফল হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে তার হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুবাদেই গোলব্যবধানে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। সুবিধাটা করে দিয়েছে খোদ আর্সেনাল। বার্মিংহাম সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে জোরেশোরেই যোগ দিয়েছে চেলসি। স্প্যানিশ প্রিমেরা লিগে স্যামুয়েল এ'তোর দু গোলে রিয়াল মার্সিয়াকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সিরি-এ'তে শেষ মুহূর্তের পেনাল্টিতে ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

লন্ডন/মাদ্রিদ/মিলান, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত কয়েক ম্যাচেই জোড়া গোল করেই থামছিলেন। হ্যাটট্রিক করি করি করেও করা হচ্ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। শনিবার সফল হয়েছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে তার হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে ৬-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুবাদেই গোলব্যবধানে আর্সেনালকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেছে গতবারের চ্যাম্পিয়নরা। সুবিধাটা করে দিয়েছে খোদ আর্সেনাল। বার্মিংহাম সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। টটেনহাম হটস্পারকে ২-০ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে জোরেশোরেই যোগ দিয়েছে চেলসি। স্প্যানিশ প্রিমেরা লিগে স্যামুয়েল এ'তোর দু গোলে রিয়াল মার্সিয়াকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। সিরি-এ'তে শেষ মুহূর্তের পেনাল্টিতে ক্যাটানিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস। বিরতি পর্যন্ত নিউক্যাসল ঠেকিয়ে রেখেছিল ম্যানইউকে। কিন্তু দ্বিতীয়ার্ধে ভেঙ্গেছে সে বাঁধ। শুরুটা করেছেন রোনালদো। ৪৯ মিনিটে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। ৬ মিনিট পর তার সঙ্গী হয়েছেন কার্লোস তেভেজ। ৭০ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোল যা একইসঙ্গে ইউনাইটেডের জার্সি গায়ে তার ৫০তম গোল। ৮৮ মিনিটে হ্যাটট্রিক পুরো করেছেন তিনি, যা তাকে নিয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের গোলদাতাদের শীর্ষে (১৬টি)। তার আগে রিও ফার্ডিনান্ড করেছেন দলের চতুর্থ গোল। ইনজুরি টাইমে নিজের দ্বিতীয় গোলটি করেছেন আর্জেন্টাইন তেভেজ। এমিরেতস স্টেডিয়ামে ইমানুয়েল আদেবায়োরের পেনাল্টিতে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৪৭ মিনিটে গ্যারি ও'কনোর সমতায় ফেরান বার্মিংহামকে। স্ট্যামফোর্ড ব্রিজে ব্রাজিলিয়ান ডিফেন্ডার জুলিয়ানো বেলেত্তি এবং শন রাইট-ফিলিপসের গোলে টটেনহামের বিপক্ষে পুরো পয়েন্ট নিয়ে ফিরেছে চেলসি। শনিবারের জয়ে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেছে ম্যানইউ। সমান ম্যাচে আর্সেনালের পয়েন্টও ৫১। কিন্তু ম্যানইউ গোল ব্যবধানের ( ৩৩) হিসেবে তাদের ( ২৬) চেয়ে এগিয়ে। চেলসির পয়েন্ট ৪৭। আর ১৬টি ম্যাচ বাকি থাকতে এই তিন প্রধানের চেয়ে পিছিয়ে পড়েছে লিভারপুল। মিডিলসবরোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। টানা চতুর্থ এই ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে অল-রেডরা। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে এভারটন। ম্যানচেস্টার সিটিকে সপ্তম স্থানে ঠেলে দিয়েছে তারা ১-০ গোলে ম্যাচ জিতে। রিডিংকে ৩-১ গোলে হারিয়ে গোল ব্যবধানে ষষ্ঠ স্থানে ঢুকে পড়েছে এভারটন। ইনজুরির কারণে রোনালদিনিয়ো-লিওনেল মেসি ছিলেন না। নু ক্যাম্পের ম্যাচে দায়িত্বটা তাই কাঁধে তুলে নিয়েছিলেন থিয়েরি অঁরি এবং স্যামুয়েল এ'তো। মার্সিয়ার বিপক্ষে ম্যাচে অঁরি পালন করেছেন প্লে মেকারের ভূমিকা, এ'তো বরাবরের মতো লক্ষ্যভেদের। ২৭ মিনিটে বার্সেলোনা এগিয়ে গেছে এইদুর ইয়োহানসেনের গোলে। ৫২ মিনিটে অঁরির সাজিয়ে দেওয়া বল ধরে ব্যবধান দ্বিগুন করেছেন বোজান ক্রিকিক। ৭৭ মিনিটে এ'তোর করা গোলটির উৎসও ছিলেন অঁরি। ম্যাচ শেষের মিনিট তিনেক বাকি থাকতে বদলি নামা জিওভানির পাসে নিজের দ্বিতীয় গোলটি করেছেন এ'তো। এই জয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। দিনের অন্য ম্যাচে অ্যাথলেটিক বিলবাও ২-০ গোলে হারিয়েছে সেভিয়াকে। ক্যাটানিয়ার কাছে অবধারিত হার থেকে দলকে বাঁচিয়েছেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ১৫ মিনিটে স্ট্রাইকার জিওনাথা স্পিনেসির গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। ইনজুরি টাইমে আদায় করা পেনাল্টিটি সফলভাবে জালে পাঠিয়ে দলকে একটি পয়েন্ট এনে দিয়েছেন দেল পিয়েরো। দিনের অন্যম্যাচে রেজিনা ১-১ গোলে ড্র করেছে এম্পোলির সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১৫ঘ.