২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক বাফুফে সম্পাদক আকমল হোসেন আর নেই

চরম দুঃসময়ে ফুটবল হারিয়েছে তার এক সুহৃদকে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আকমল হোসেন। রোববার সকাল ৯ টায় গুলশানে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে আকমল স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 04:04 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- চরম দুঃসময়ে ফুটবল হারিয়েছে তার এক সুহৃদকে। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ আকমল হোসেন। রোববার সকাল ৯ টায় গুলশানে শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে আকমল স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও কিডনি রোগে ভুগছিলেন। তাই মাত্র ৫৯ বছর বয়সে চলে যেতে হলো এই ফুটবল সংগঠককে। পেশায় প্রকৌশলী আকমল হোসেন ১৯৯২ সাল থেকে '৯৬ সাল পর্যন্ত বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ফুটবলের তখন ছিল দারুন জমজমাট অবস্থা। তার সরে দাঁড়ানোর পর থেকেই মূলতঃ ফুটবলের অধোগতি শুরু। এজন্য অবশ্য তার আমলের "এক ফুটবলার, এক লিগ" রীতিরও সমালোচনা হয়। এছাড়া ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তার মৃত্যুকে অপূরনীয় ক্ষতি হিসেবে বর্ণনা করেছে বাফুফে। তারা শোক প্রকাশ করেছে এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। তার ক্লাব মোহামেডান শোক প্রকাশের পাশাপাশি এই সংগঠকের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আগামী তিন দিন মোহামেডানের পতাকা অর্ধ-নমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.