২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসিতে আনেলকা

ক্লাব বদল এবং ট্রান্সফার ফি'র অঙ্ক হিসেব করলে ফুটবল ইতিহাসে নিশ্চিত একটা ভালো জায়গা পাবেন নিকোলাস আনেলকা। ফরাসি এই স্ট্রাইকার এবার বল্টন ওয়ান্ডারার্স ছেড়ে যাচ্ছেন চেলসিতে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই সমঝোতার কথা স্বীকার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব দুটো। সব ঠিকঠাক থাকলে শনিবার টটেনহাম হটস্পারের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে অভিষেক হতে যাচ্ছে আনেলকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

লন্ডন, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্লাব বদল এবং ট্রান্সফার ফি'র অঙ্ক হিসেব করলে ফুটবল ইতিহাসে নিশ্চিত একটা ভালো জায়গা পাবেন নিকোলাস আনেলকা। ফরাসি এই স্ট্রাইকার এবার বল্টন ওয়ান্ডারার্স ছেড়ে যাচ্ছেন চেলসিতে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে এই সমঝোতার কথা স্বীকার করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব দুটো। সব ঠিকঠাক থাকলে শনিবার টটেনহাম হটস্পারের বিপক্ষে স্ট্যামফোর্ড ব্রিজে অভিষেক হতে যাচ্ছে আনেলকার। ২৮ বছর বয়সী আনেলকা সাড়ে চার বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন চেলসিতে। তার ক্লাব বদলের জন্য বল্টন ওয়ান্ডারার্সকে ১৫ মিলিয়ন পাউন্ড (২৯.৩৫ মিলিয়ন ডলার) দিচ্ছে তারা। প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ের চূড়ান্ত মুহূর্তে স্ট্রাইকার সঙ্কটে ভোগা চেলসি অনেকটা তড়িঘড়ি করেই নিয়েছে সিদ্ধান্তটা। আফ্রিকান নেশনস কাপে আইভরি কোস্টের হয়ে খেলার জন্য দলে নেই দিদিয়ের দ্রগবা এবং সালোমন কালু। ইউক্রেনিয়ান আন্দ্রেই শেভচেঙ্কো ভুগছেন গোড়ালির ইনজুরিতে। বল্টনের হয়ে এ মৌসুমে ২২ ম্যাচে ১১ গোল করা আনেলকার মাঝেই নিজেদের উদ্ধার খুঁজে পেয়েছে অল ব্লুজরা। ক্যারিয়ারে নামকরা সব ক্লাবে খেলেছেন আনেলকা। প্যারিস সেন্ট জার্মেই থেকে শুরু করে আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ফেনেরবাচে, বল্টন ঘুরে এখন তিনি চেলসিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/২০৫০ঘ.