ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাংলাদেশ অনূর্ধ্ব--১৬ জাতীয় ফুটবল দল টাটা একাডেমিতে যাচ্ছে প্রশিক্ষণের জন্য। অ্যাথলেট আল আমিন যাবেন মালয়েশিয়ায়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগেই বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের অ্যাথলেটরা। বিওএ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসির হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে পাঠায় অ্যাথলেটদের। তার সঙ্গে গত বছর থেকে যোগ হয়েছে টাটা একাডেমিও।
চুক্তি অনুযায়ী জামসেদপুর টাটা ফুটবল একাডেমিতে প্রশিক্ষণ নিতে বৃহস্পতিবার রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। ২০ সদস্যের এই দলের সঙ্গে যাচ্ছেন কোচ জোবায়ের নিপু। আসলে গত অক্টোবরে আবুধাবিতে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ নেওয়া দলকেই পাঠানো হচ্ছে টাটায়। তাদের প্রশিক্ষণের মেয়াদকাল ২১ দিন।
এছড়া লং জাম্পার আল-আমিনকে মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন বিওএ'র প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ। কুয়ালালামপুরে বিওএ'র হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেওয়ার জন্য আগামী ১৫ জানুয়ারি তিনি মালয়েশিয়া রওনা হতে পারেন, থাকবেন বেইজিং অলিম্পিক পর্যন্ত।
অবশ্য আরো আগেই তার যাওয়ার কথা ছিল। সাফ গেমসের সোনাজয়ী অ্যাথলেট মাহফুজুর রহমান মিঠু ইতালি থেকে পালিয়ে যাওয়ায় আল আমিনের বিদেশে প্রশিক্ষণে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। অবশেষে কড়া বিধি-নিষেধ মেনে এই অ্যাথলেটকে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে।
এখন শ্যুটার আসিফ হোসেন খানও আছেন বিদেশের ট্রেনিংয়ে। প্রায় এক বছর ধরে তিনি চীনের গোয়াংজু শ্যুটিং রেঞ্জে প্রশিক্ষণ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২০২৭ঘ.
bdnews24