লন্ডন, ৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দু'যুগ পর ফাইনালে ওঠার স্বপ্ন নিয়েই এতদূর এসেছিল এভারটন। কিন্তু তাতে জল ঢেলেছে চেলসি। মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ইংলিশ লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শন রাইট-ফিলিপস।
প্রথমার্ধে শন রাইটের গোলেই এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। দু মাস পর ইনজুরি থেকে ফেরা ফ্লোরেন্স মেলুদার পাসে ডান পায়ের দারুণ এক শটে গোল করেছেন তিনি। কিন্তু ৫৫ মিনিটে জন ওবি মিকেল লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় চেলসি। সংখ্যাধিক্যের সুবিধাটা দারুণভাবেই কাজে লাগিয়ে সমতায় ফেরে এভারটন। আইয়েগবেনি ইয়াকুবু সমতায় ফিরিয়েছেন দলকে। কিন্তু সফরকারীরা পরাজয় এড়াতে পারেনি। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে চেলসি অধিনায়ক মাইকেল বালাকের একটি বাঁক খাওয়ানো ক্রস শন রাইটের কাছে পৌঁছতে বাধা দিতে গিয়ে হেডে নিজের জালেই বল জড়িয়ে দেন এভারটন ডিফেন্ডার জলেওন লেসকট। বুধবার দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে আর্সেনাল ও টটেনহাম হটস্পার।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৮০০ঘ.
bdnews24