মাদ্রিদ/লন্ডন, ৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রিয়াল মাদ্রিদের কাছে হার দিয়ে গেলো বছর শেষ করেছিল বার্সেলোনা। সে ধাক্কা সামলে নতুন বছর শুরু করেছে তারা জয় দিয়ে। শনিবার স্প্যানিশ প্রিমিয়ার লিগে রিয়াল মায়োরকার বিপক্ষে ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। একই দিন রাউল তামুদোর দুর্দান্ত নৈপূণ্যে ভিলারিয়ালকে ৩-০ গোলে হারিয়েছে এসপানিওল। ইংল্যান্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি ১-০ গোলের জয় পেয়েছে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। গতবারের রানার্স আপ ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। ইতালিতে চলছে বিরতি। তবে শনিবার দুবাইয়ে এক প্রদর্শনী ম্যাচে আয়াক্স আমস্টারডামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান।
দ্বিতীয়ার্ধের অনেকখানি সময় পর্যন্ত বার্সেলোনাকে ভালোই চাপে রেখেছিল স্বাগতিক মায়োরকা। ৬৩ মিনিটে সেন্টার ব্যাক রাফায়েল মার্কেজের গোলে ভারম্ক্তু হয় বার্সা। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে স্যামুয়েল এ'তো দূরপাল্লার এক শটে নিশ্চিত করেন দলের জয়। মৌসুমে প্রতিপক্ষের মাঠে ক্যাটালানদের এটা তৃতীয় জয়, সুবাদে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বার্সা।
তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা এসপানিওল-ভিলারিয়াল ম্যাচে দুটো গোল করে এ মৌসুমে লক্ষ্যভেদের সংখ্যা দশে নিয়ে গেছেন তামুদো। অন্য গোলটি করেছেন মিডফিল্ডার ভালদো। টানা ১৪ ম্যাচে অপরাজিত এসপানিওলের পয়েন্ট ৩৬, ভিলার ৩২।
ইংল্যান্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডে ভাগ্যজোরে টিকে গেছে চেলসি। জঘন্য খেলার পরও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা জয় নিয়ে ফিরেছে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে।
গত ছয় বছরে অ্যাস্টন ভিলার সঙ্গে তৃতীয় রাউন্ডে এ নিয়ে চারবার মুখোমুখি হলো ম্যানচেস্টার ইউনাইটেড। আর টানা চতুর্থবারের মতো জয়ও পেয়েছে শনিবার। শেষ ৯ মিনিটে গোল দুটো করেছেন দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বদলি নামা ওয়েইন রুনি।
দিনের সবচেয়ে বড় অঘটনটির শিকার হয়েছে এভারটন। গত ১৭ ম্যাচে মাত্র দুটোতে হারা দলটি তৃতীয় বিভাগের দল ওল্ডহ্যাম অ্যাথলেটিকের কাছে ১-০ গোলে হেরে বাদ পড়েছে। নিচু বিভাগের দলের কাছে হেরে বাদ পড়াদের তালিকায় আরো আছে বার্মিংহাম সিটি, ব্ল্যাকবার্ন রোভার্স এবং বোল্টন ওয়ান্ডারার্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯২৫ঘ.
bdnews24