২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাধারণ সভার বিষয়ে সিদ্ধান্ত ছাড়াই শেষ বাফুফে সভা

কথা দিয়েও কথা রাখতে পারলেন না মনির আহমেদ। পারলেন না ফুটবল ফেডারেশনের লোকজনের সঙ্গে। তাই যার জন্য বাফুফের জরুরি সভা সেই বিশেষ সাধারণ সভার বিষয়টিই উপেক্ষিত রয়ে গেছে। ঠিক হয়নি তার দিন-তারিখ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- কথা দিয়েও কথা রাখতে পারলেন না মনির আহমেদ। পারলেন না ফুটবল ফেডারেশনের লোকজনের সঙ্গে। তাই যার জন্য বাফুফের জরুরি সভা সেই বিশেষ সাধারণ সভার বিষয়টিই উপেক্ষিত রয়ে গেছে। ঠিক হয়নি তার দিন-তারিখ। অথচ বাফুফের সভাপতির দায়িত্বরত সহ সভাপতি মনির আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশেষ সাধারণ সভার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। স্পষ্ট করে বলেছিলেন, "বিশেষ সাধারণ সভা আগেই হওয়া উচিত ছিল।" কিন্তু সেই কথার কোনো প্রমাণ মেলেনি বৃহস্পতিবারের সভায়। বাফুফে ভবনে অনুষ্ঠিত রাতের সভার মাঝখানে বাফুফের মিডিয়া ম্যানেজার সাইদ আল ফাত্তাহ জানিয়েছেন, "ফিফার পরামর্শ অনুযায়ী ডিএফএ গঠনের পরে বিশেষ সাধারণ সভা ডাকার সিদ্ধান্ত হয়েছে।" মানে আগে ডিএফএ গঠন শেষ হবে তারপর বিশেষ সাধারন সভা। একদিনের মধ্যে ফিফা এরকম পরামর্শ দিয়েছে ? বরাবরই বিশেষ সাধারণ সভা ডাকতে ফুটবল ফেডারেশনের কর্তাদের আপত্তি। গত ৭/৮ মাস ধরে বাফুফের কমিটির লোকজনের ইজিএম নিয়ে অস্বস্তি-আপত্তি দেখলে যে করো মনেই সন্দেহ জাগতে পারে--- তারা হয়তো লুকিয়ে কিছু করতে যাচ্ছে। গত ১ জানুয়ারি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীও সাধারণ সভার তাগিদ দিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সভাপতিকে। শেষপর্যন্ত এই তাগিদও উপেক্ষিত হলো বাফুফের কমিটির কাছে। তাছাড়া ডিএফএ গঠন শেষে বিশেষ সাধারণ সভা করার প্রয়োজনই বা কী! তখন তো আইনি জটিলতায় পড়ার আশংকা বড় হয়ে যায়। কিন্তু ফাত্তাহও বাফুফে কর্তাদের কায়দায় বলে দিয়েছেন, "ডিএফএ আগের বার্ষিক সাধারণ সভায় অনুমোদিত হয়ে আছে।" কিন্তু মজার ব্যাপার হচ্ছে কখন কীভাবে অনুমোদিত হয়েছে বাফুফের কাউন্সিলররা জানেন না। তাই ইতিমধ্যে এক কাউন্সিলর নড়াইলের আশিকুর রহমান মিকু উকিল নোটিশ পাঠিয়েছে বাফুফের কাছে। কাউন্সিলর হয়ে ডিএফএ-এর ব্যাপারটা তার কেন অজানা রয়ে গেছে ব্যাখ্যা চেয়েছেন বাফুফে কর্তাদের কাছে। কেন বিশেষ সাধারণ সভায় ডিএফএ পাস করানো হয়নি তা-ও জানতে চেয়েছেন মিকু। এখন একই অজুহাতে যে কেউ আদালতে চলে যেতে পারেন। তখন এর দায়-দায়িত্ব কে নেবেন সেটাই হচ্ছে বড় প্রশ্ন। এছাড়া আরেকটা সিদ্ধান্ত হয়েছে। মনির আহমেদের নেতৃত্বে একটি কমিটি গঠিত হবে যাদের কাজ হলো ফিফা প্রেরিত চিঠিগুলো পর্যালোচনা করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০০ঘ.