লন্ডন, ৩ জানুয়ারি (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমর্থকদের দুয়োধ্বনিতে মাঠ ছাড়তে হয়েছে লিভারপুল খেলোয়াড়দের। বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন শংকায় ভোগা উইগান অ্যাথলেটিকের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে অল-রেডসরা। সুবাদেই ছিটকে গেছে তারা শিরোপা লড়াই থেকে। অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিভারপুলকে হটিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। দিনের অন্য ম্যাচে ব্ল্যাকবার্ন রোভার্স ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। একই ব্যবধানে ডার্বি কাউন্টিকে হারিয়ে রেলিগেশন থেকে বাঁচার পথে এগিয়ে গেছে বোল্টন ওয়ান্ডারার্স।
এনফিল্ডের ম্যাচে বিরতির পর ৪৯ মিনিটে ফার্নান্ডো টরেসের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু স্টিভেন জেরার্ডের ভুলে বল পেয়ে ম্যাচের মিনিট দশেক বাকি থাকতে উইগানকে সমতায় ফিরিয়েছেন ডিফেন্ডার টিটাস ব্র্যাম্বেল। নিজেদের মাঠে মৌসুমের পঞ্চম ড্রয়ের পর ২০ ম্যাচে লিভারপুলের সংগ্রহ ৩৮ পয়েন্ট। ২১ ম্যাচ খেলে শীর্ষস্থানে থাকা আর্সেনালকে ধরার কোনো সম্ভাবনাই আর তাদের নেই। অন্যদিকে এলানো ও জেলসন ফার্নান্ডেসের গোলে নিউক্যাসলকে হারিয়ে ৩৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার ওয়েস্ট হাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। একইদিন বার্মিংহাম সিটিকে ১-০ গোলে হারিয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফুলহামকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে চেলসি ৪৪ পয়েন্ট নিয়ে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৪৪৬ঘ.
bdnews24