২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষস্থান ধরে রাখলো আর্সেনাল

নতুন বছরের প্রথম দিনটা ভালোই কাটলো শিরোপা প্রত্যাশী তিন বড় দলের। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 01:05 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

লন্ডন, ২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন বছরের প্রথম দিনটা ভালোই কাটলো শিরোপা প্রত্যাশী তিন বড় দলের। মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও চেলসি। 'প্রতিবেশী' ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় দিয়ে লিগের শীর্ষস্থান অক্ষুন্ন আছে আর্সেনালের। দ্বিতীয় মিনিটে এদুয়ার্দো দা সিলভা ও ১৮ মিনিটে এমানুয়েল আদেবায়োর করেছেন গোল দুটো। ২১ ম্যাচ থেকে 'গানার'দের সংগ্রহ ৫০। ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পেছনেই ম্যানচেস্টার ইউনাইটেড। বার্মিংহামের বিপক্ষে ম্যানইউ'র জয়ের নায়ক কার্লোস তেভেজ। ২৫ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ এক ব্যাক হিল থেকে জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে আরেকটা গোলও পেতে পারতেন। তবে তেভেজের প্রচেষ্টা বাধা পেয়েছে পোস্টে। তার কিছুক্ষণ পরই গোড়ালিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তিনি। আর্সেনাল ও ম্যানইউ দু দলই জিতেছে নিজেদের মাঠে। আর চেলসির জয়টা এসেছে প্রতিপক্ষ ফুলহ্যামের মাঠে। ১০ মিনিটে ড্যানি মার্ফির পেনাল্টি গোল এগিয়ে দিয়েছিল স্বাগতিকদেরই। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় চেলসি। ৫৪ মিনিটে সলোমন কালু ও তার ৮ মিনিট পর মাইকেল বালাকের নেয়া সফল পেনাল্টি ২-১ গোলের জয় এনে দেয় 'ব্লুজ'কে। সেই সঙ্গে ৪৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানও ধরে রেখেছে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯০০ঘ.