২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষপর্যন্ত বিশেষ সাধারন সভায় সম্মত বাফুফে

এতদিন যেটা লাগবে না বলছিল বাফুফে এখন সেটা অত্যাবশকীয় হয়ে গেছে। মানে বিশেষ সাধারন সভা ছাড়া আর উপায় নেই। ক্রীড়া উপদেষ্টাকে বিশেষ সাধারন সভা আয়োজনের কথা দিয়ে এসেছেন বাফুফে সভাপতির দায়িত্ব পালন করা সহ সভাপতি মনির আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এতদিন যেটা লাগবে না বলছিল বাফুফে এখন সেটা অত্যাবশকীয় হয়ে গেছে। মানে বিশেষ সাধারন সভা ছাড়া আর উপায় নেই। ক্রীড়া উপদেষ্টাকে বিশেষ সাধারন সভা আয়োজনের কথা দিয়ে এসেছেন বাফুফে সভাপতির দায়িত্ব পালন করা সহ সভাপতি মনির আহমেদ। মঙ্গলবার মনির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমরা উপদেষ্টার সঙ্গে দেখা করেছি। তিনি একটা বিশেষ সাধারন সভা আয়োজনের জন্য বলেছেন। আগামীকাল একসঙ্গে বসে আমরা তার দিনক্ষণ ঠিক করবো। আসলে বিশেষ সাধারন সভা না হলে আইনি জটিলতায় পড়ারও শংকা থাকে।" এর আগে বিকেলে তার নেতৃত্বে একদল সংগঠক দেখা করেছেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর সঙ্গে। সভাপতির দায়িত্ব পালনকারী সহ সভাপতি মনির আহমেদের সঙ্গে ছিলেন বাফুফের অন্য সহ সভাপতি আব্দুর রহিম, বাফুফের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশীদ, সহকারী সম্পাদক বাদল রায় ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়লী উল্লাহ। নিষেধাজ্ঞার হুমকি দিয়ে ফিফার পাঠানো চিঠি এবং তারপর সভাপতি পদে থেকেও সুলতানের নিষ্ক্রিয় হয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে। বাদল রায় জানিয়েছেন, "ফিফার দেওয়া চিঠি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ যেন নিষেধাজ্ঞার কবলে না পড়ে এবং কোনো ক্ষতি না হয় তা দেখতে হবে আমাদের। এজন্য উপদেষ্টার পরামর্শ হচ্ছে আমাদের একত্রিত হয়ে কাজ করা। এতে করে ফিফা সুযোগ পাবে না বলে মনে করেন তিনি।" ওই চিঠিতে ফিফা বাংলাদেশকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। বাফুফের কমিটির কেউ পদত্যাগ করলে ফিফা আদর্শ গঠনতন্ত্রের আর্টিকেল ১৪ প্রয়োগ (নিষেধাজ্ঞা) করবে বলে হুমকি দিয়েছে। এছাড়া এএফসি সভাপতি মোহাম্মদ হাম্মামের কাছে একটি প্রতিনিধিদল পাঠানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। "উপদেষ্টা বলেছেন প্রয়োজন হলে এএফসি প্রেসিডেন্টের কাছে একটা প্রতিনিধি দল পাঠানো হবে বাংলাদেশের প্রেক্ষাপট বোঝানোর জন্য। তার সঙ্গে কথা বলার সব ব্যবস্থা আমি করে দেবো"--- জানিয়েছেন বাদল রায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.