মাদ্রিদ/রোম/লন্ডন, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় প্রথম ৫ ম্যাচে গোল না পাওয়ায় থিয়েরি অঁরিকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল বার্সেলোনা। অবশেষে 'লা লিগা'য় অঁরি গোলের দেখা পেয়েছেন। তা-ও একটি-দুটি নয়, এক সঙ্গে তিনটি! শনিবার ফরাসী তারকা স্ট্রাইকারের হ্যাটট্রিকের সুবাদে লেভান্তেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে 'বার্সা'। গতবারের রানার্সআপদের অন্য গোলটি লিওনেল মেসির। তবে স্প্যানিশ লিগের আরেক শিরোপা প্রত্যাশী সেভিয়ার ভাল কাটেনি রাতটা। রিয়াল জারাগোজার কাছে ০-২ গোলের হারটি লিগে তাদের টানা তৃতীয় হার। আর তাই লিগের শুরুতেই শিরোপা-দৌড়ে অনেকখানি পিছিয়ে পড়লো উয়েফা কাপ চ্যাম্পিয়নরা।
চেলসিরও ভাল কাটেনি রাতটা। এমনিতেই হোসে মরিনহোর পদত্যাগের ধাক্কা তারা এখনো কাটিয়ে উঠতে পারেনি। তার ওপরে শনিবার পশ্চিম লন্ডন 'ডার্বি' এক সঙ্গে তিনটি আঘাত হেনেছে তাদের ওপরে। চেলসি ফুলহামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে, চিবুকে মারাত্মক ব্যথা পেয়ে মাঠের বাইরে চলে গেছেন অধিনায়ক জন টেরি এবং লাল কার্ড পেয়েছেন দিদিয়ের দ্রগবা। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে 'ব্লুজ'-এর কাল-রাতে জয়ের আনন্দে মেতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য তিন পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও লিভারপুল। ক্রিস্টিয়ানো রোনালদোর লক্ষ্যভেদে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে বার্মিংহাম সিটিকে। ওয়েস্টহামের বিপক্ষে আর্সেনাল এবং উইগান অ্যাথলেটিকের সঙ্গে লিভারপুলের জয়ও একই ব্যবধানে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন লিগের শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা ম্যানইউ'র পয়েন্ট ১৭। তবে তারা একটি ম্যাচ বেশি খেলেছে 'গানার্স'-এর চেয়ে। লিভারপুলের অবস্থান চতুর্থ (৭ ম্যাচে ১৫) এবং চেলসির সপ্তম (৮ ম্যাচে ১২)।
ইতালিয়ান সিরি 'এ'র গুরুত্বপূর্ণ এক ম্যাচে এএস রোমাকে দাঁড়াতেই দেয়নি ইন্টার মিলান। গতবারের রানার্সআপদের বতর্মান চ্যাম্পিয়নরা উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। ২৯ মিনিটে বক্সের মধ্যে লুদোভিক জুলির হ্যান্ডবলের সুবাদে (জুলি সেজন্য লালকার্ডও পান) পাওয়া পেনাল্টি থেকে ইন্টারকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে ইতালি মিডফিল্ডার সিমোনে পেরোত্তা সমতা নিয়ে এলেও সেই আনন্দ বেশিক্ষণ উপভোগ করতে পারেনি স্বাগতিকরা। দু মিনিট পর হার্নান ক্রেসপোর গোল আবার এগিয়ে দেয় ইন্টারকে। ৬০ মিনিটে আরেক আর্জেন্টাইন হুলিও ক্রুজ ব্যবধান আরো বাড়িয়ে নেয়ার ৮ মিনিট পর ইতালিয়ান চ্যাম্পিয়নদের বড় জয় নিশ্চিত করেন কলম্বিনয়ান ডিফেন্ডার ইভান কর্দোবা। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ইন্টারই এখন সিরি 'এ'র শীর্ষে। শনিবারই লিভরনোকে ৩-০ গোলে হারানে ফিওরেন্টিনা ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা রোমার সংগ্রহ ১১ পয়েন্ট।
লেভান্তের মাঠে বার্সেলোনাকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৭ মিনিট পর্যন্ত। কর্নার থেকে জাভির হেড গিয়ে পড়ে মেসির সামনে। মেসির সাইড ভলি গোলকিপার ঠেকালেও পোস্টের ঠিক সামনে দাঁড়িয়ে থাকা অঁরির শট ঠেকানো সম্ভব হয়নি। ৭ মিনিট পর দ্বিতীয় গোলটিও মেসি-অঁরি কম্বিনেশনে। মেসির ডিফেন্স-চেরা দারুণ এক থ্রু ধরে গোলটা করেছেন অঁরি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যান তিনি। ডেকোর শট লেভান্তের এক জন ডিফেন্ডারের গায়ে লেগে তার কাছে এলে হ্যাটট্রিক পূর্ণ করে ফেলেন অঁরি। ২ মিনিট পর আবার গোল। ডান দিক দিয়ে দু জনকে কাটিয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক কোনাকুনি শটে লেভান্তের জালে বল জড়িয়ে দেন দারুণ ফর্মে থাকা মেসি। হাঁটুর ইনজুরি কাটিয়ে প্রায় তিন মাস পর দ্বিতীয়ার্ধের শুরুতে মাঠে নেমেছেন কার্লোস পুয়োল। লেভান্তের এক মাত্র গোলটি বার্সেলোনা অধিনায়কের সৌজন্যেই পাওয়া! ৭১ মিনিটে পুয়োল আলেকজান্দ্রো গেইজোকে ফাউল করায় পেনাল্টি পায় লেভান্তে। তা থেকে স্বাগতিকদের সান্ত্বনাসূচক গোলটি করেন ভিকুয়েইরা। এই জয়ে ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন লিগের শীর্ষে। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ১৩ পয়েন্ট, তবে বর্তমান চ্যাম্পিয়নরা একটি ম্যাচ কম খেলেছে। আর ৫ ম্যাচে ৬ পয়েন্টে আটকে থাকা সেভিয়ার অবস্থান একাদশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৭৫০ঘ.
bdnews24