২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ জানুয়ারি থেকে বি. লিগ শুরুর পরিকল্পনা বাফুফের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনার নাকি সায় দিয়েছে ক্লাবগুলো। আর এই সম্মতিতে ফাটল না ধরলে, ক্লাবগুলো বেঁকে না বসলে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বি. লিগের দ্বিতীয় আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:42 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনার নাকি সায় দিয়েছে ক্লাবগুলো। আর এই সম্মতিতে ফাটল না ধরলে, ক্লাবগুলো বেঁকে না বসলে আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হবে বি. লিগের দ্বিতীয় আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বি. লিগ কমিটি শনিবার সভায় বসেছিল গতবার অংশ নেওয়া ক্লাবগুলোর সঙ্গে। চট্টগ্রাম আবাহনী ও খুলনা আবাহনী বাদে বাকি ৯ টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে আলোচনা শেষে লিগ কমিটির সভাপতি আব্দুর রহিম জানিয়েছেন, "আগামী বছর ১৫ জানুয়ারি থেকে আমরা বি. লিগ শুরু করতে চাই। তাতে ক্লাবগুলো সম্মতি দিয়েছে, তারা যে কোনো সময় খেলতে রাজি।" কিন্তু প্রথম বি. লিগের অনেক হিসেব-নিকেশই যে এখনো বাকি। বিশেষ করে ক্লাবগুলো এখনো তাদের অংশগ্রহণের টাকা পায়নি। আব্দুর রহিমও স্বীকার করেছেন, "বাফুফে এখনো গতবারের স্পন্সর মানি পায়নি। এবার আশা করছি, ভাল স্পন্সর জোগাড় করতে পারবো আমরা।" মুখের কথায় যে এবার চিড়া ভিজবে না সেটা স্পষ্ট হয়ে গেছে বি. লিগের ক্লাবপক্ষের সমন্বয়ক মোস্তাকুর রহমানের বক্তব্যে, "আমরা বলেছি আগে লিগের স্পন্সর নিশ্চিত করতে হবে। তার থেকে ক্লাব গুলোর প্রাপ্য বুঝিয়ে দিতে হবে, সেই টাকা যেন দল গঠনের জন্য সহায়ক হতে পারে।" আসলে স্পন্সরহীন প্রথম পেশাদার লিগের পর বাফুফের ওপর আর আস্থা রাখতে পারছে না ক্লাবগুলো। যে কারণে এরকম শর্ত জুড়ে দেওয়া। এছাড়া প্রথম পেশাদার লিগে মাঠে দর্শক না আসার বিষয়েও সভায় আলোচনা হয়েছে। এজন্য ক্লাবগুলো দায়ী করেছে বাফুফেকে। মোহামেডান ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান মনে করেন, "বাফুফের পক্ষ থেকে কোনো প্রচার ছিল না বলে দর্শক-খরায় ভুগেছে প্রথম বি লিগ।" পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় এর প্রচার থাকলেও বাফুফের পক্ষ থেকে মাইকিং করা কিংবা পোস্টার দিয়ে বি. লিগকে ফুটবলানুরাগীদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করা হয়নি। প্রথম লিগের ময়নাতদন্তে উঠে এসেছে ক্লাবগুলোর পেশাদার লিগের নির্দেশনা না মানার বিষয়টিও। বাফুফে সভাপতি আব্দুর রহিম স্পষ্টভাবে জানিয়েছেন, "লিগের যে নির্দেশনা ছিল তা ঠিকভাবে মেনে চলতে পারেনি কোনো ক্লাব। এবার লিগ শুরুর আগে ক্লাবগুলোর কাছ থেকে প্রস্তাব চেয়েছে বাফুফে। কিভাবে তা বাস্তবায়ন করা যায় সে ব্যাপারে তারা প্রস্তাবনা পেশ করবে।" তবে ক্লাবগুলো যে অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিল সেটাও স্বীকার করে নিচ্ছেন বাফুফে কর্তারা। অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে থেকেও ক্লাবগুলো জানুয়ারিতে বি. লিগে সম্মত হয়েছে ! এটা যেমন বিস্ময়কর সিদ্ধান্ত তেমনি ভবিষ্যতে বেশ কয়েকবার পেছানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। প্রথম বি. লিগ শুরু হচ্ছে হচ্ছে করেই ১২ বার পিছিয়েছিল। সুতরাং ক্লাব প্রতিনিধিদের প্রাথমিক সম্মতিই শেষ কথা নয়। তার সঙ্গে কিন্তু মিলছে না বাফুুফের তৎপরতাও। এখনো তারা ঠিক করতে পারেনি লিগে দল বাড়বে না কমবে। তবে ক্লাবগুলোর পক্ষ থেকে লিগের আগে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট দাবি করা হয়েছে। সবার পক্ষ হয়ে মোস্তাক জানিয়েছেন, "লিগ শুরুর আগে একটি প্রস্তুতিমূলক টুর্নামেন্ট করতে হবে। প্রথম বিভাগ ফুটবল আয়োজন করতে হবে কারণ সেখান থেকে আমরা উঠতি ফুটবলারদের দলে টানতে পারবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৩৫ঘ.