ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নির্বাচক কমিটির সঙ্গে সভা করে কোচ সৈয়দ নাঈমুদ্দিন জেনেছেন দল নির্বাচনে তার স্বাধীনতা থাকবে ! জেনেছেন কোচকে সাহায্য করার জন্যই এই নির্বাচক কমিটি !
বাংলাদেশ ফুটবল ফেডারেশনই বোধহয় প্রথম যারা কোচকে সাহায্য করার জন্য নির্বাচক কমিটি রাখার এই নতুন ধারা প্রচলন করেছে ফুটবলে। ক্রিকেটে নির্বাচক কমিটির প্রথা চালু আছে কিন্তু ফুটবল বিশ্বে এরকম কমিটির অস্তিত্ব আছে বলে শোনা যায়নি। এর আগে বাফুফের আবিস্কার ছিল জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। যাদের কাজ প্রশিক্ষণ ক্যাম্পে ফুটবলারদের যাবতীয় চাহিদা পুরণ করা। পাশাপাশি তারা বাংলাদেশ দলের ম্যানেজার নির্বাচন করতো। কিন্তু বাফুফে সভাপতির বিতর্কিত হস্তক্ষেপে কমিটির চেয়াম্যান কাজী সালাউদ্দিন পদত্যাগ করেন, পরে তার পদাংক অনুসারে বাকিরাও পদত্যাগ করলে বিলুপ্তি ঘটে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির।
অধুনা জন্মলাভ করেছে ফুটবল নির্বাচক কমিটি। যা ফুটবলবিশ্বে এক অচল তত্ত্ব। কারণ ফুটবলে সর্বময় ক্ষমতার অধিকারী কোচ। কোনো খেলোয়াড়কে দলে নেওয়া কিংবা বাদ দেয়াটা একান্তই তার ব্যাপার। কিন্তু বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু আপত্তি জানিয়েছেন এভাবে, "পাকিস্তানে ফুটবল নির্বাচক কমিটি আছে।" তা থাকতেই পারে, কিন্তু বাংলাদেশের ফুটবল উন্নয়নের মডেল কী পাকিস্তান!
এই কমিটির কাজের পরিধি কী হবে তা-ও স্পষ্ট করছে না বাফুফে। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু বলছেন, "কোচকে সাহায্য করার জন্যই নির্বাচক কমিটি। তারা নিজেদের পর্যবেক্ষনের কথা কোচকে জানাবে, কিন্তু সিদ্ধান্ত নেবেন কোচ।" কমিটির কর্মপরিধি কী হবে, তা লিখিত আছে বলে দাবি করলেও স্পষ্টভাবে জানাতে নারাজ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
কোচ সৈয়দ নাঈমুদ্দিনও লিখিত কিছু পাননি বলে জানিয়েছেন। আর লিখিত কিছু না থাকার অর্থ যখন-তখন কোচের কাজে হস্তক্ষেপ করার সুযোগ থেকেই যাচ্ছে। তবে বাংলাদেশের ভারতীয় কোচ বলেছেন, "ওনারা বলেছেন, আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো।" বৃহস্পতিবার তার সঙ্গে সভা করেছে নির্বাচক কমিটি। কমিটির আহ্বায়ক ভারপ্রাপ্ত বাফুফে সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু, দুই প্রবীণ ফুটবলার জহুরুল হক ও বশীর আহমেদ, বাফুফের সিওও কর্ণেল (অব.) ওবায়েদুল্লাহ খান উপস্থিত থাকলেও ছিলেন না অন্য সদস্য বিকেএসপির পরিচালক ফারুকুল ইসলাম। তার আগের প্রশ্ন বিকেএসপির এই কর্তাব্যাক্তি কেন কমিটিতে ? "আমাদের দলগুলি বেশিরভাগ সময় বিকেএসপিতে ক্যাম্প করে, সুবাদে খেলোয়াড়দের কাছ থেকে দেখার সুযোগ আছে ফারুক সাহেবের"--- বলেছেন মালু। কমিটিতে থাকা দুই প্রবীণ ফুটবলারও ফুটবলের কতোটা খোঁজ-খবর রাখেন সেটা নিয়ে প্রশ্ন আছে। তারপরও একটা যুক্তি হতে পারে তারা আন্তত আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলেছেন। কিন্তু বাকিদের তো সেই অভিজ্ঞতাও নেই। কিন্তু তারা এখন বাংলাদেশের ফুটবলের নির্বাচক!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.
bdnews24