ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ভারতের চেংরাবান্ধায় অনুষ্ঠানরত দত্ত নারায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশের উত্তর বারিধারা ফুটবল ক্লাব। বুধবার সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে শিলিগুড়ির মর্ডাণ বয়েজ ক্লাবকে। শুক্রবার ফাইনালে বাংলাদেশের এই ক্লাব দলটি লড়বে কলকাতা মোহামেডানের সঙ্গে।
বাফুফের পাঠানো তথ্য অনুযায়ী ভারতের এই আঞ্চলিক টুর্নামেন্টে গত দুবছর এই মর্ডাণ বয়েজের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশের দলগুলি। এবার তা হতে দেয়নি বারিধারা ফুটবল ক্লাব। জাতীয় স্ট্রাইকার আলফাজ আহমেদের নেতৃত্বে বাংলাদেশের এই ক্লাব দলটি ২২ মিনিটে এগিয়ে যায় ফয়সাল মাহমুদের গোলে। ৭০ মিনিটে দ্বিতীয় গোল করেছেন আশরাফুল কাদের মঞ্জু।
এই টুর্নামেন্টে ভারতের চারটি দল এবং বাংলাদেশ, নেপাল, ভুটান ও মায়ানমারের একটি করে দল অংশ নেয়। ৬ টি দলের বিদায়ের পর এখন শিরোপার জন্য লড়বে বাংলাদেশ ও ভারতের দল দুটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24