২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে রাজি ক্রীড়া পরিষদ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নয়নের তাগিদ দিয়েছে ফিফা। তাদের দেওয়া প্রেসক্রিপশন মেনে সংস্কার করতে নীতিগতভাবে রাজি হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। "জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছি। ফিফা গাইডলাইন অনুযায়ী স্টেডিয়ামে ঢোকার গেটগুলো, মাঠ, ড্রেসিং রুম, ফ্লাডলাইট, বাথরুমের মানোন্নয়ন করার ব্যাপারে একমত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ"--- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 03:35 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে পুরোপুরি আন্তর্জাতিক মানে উন্নয়নের তাগিদ দিয়েছে ফিফা। তাদের দেওয়া প্রেসক্রিপশন মেনে সংস্কার করতে নীতিগতভাবে রাজি হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। "জাতীয় ক্রীড়া পরিষদ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে আমরা আজ (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছি। ফিফা গাইডলাইন অনুযায়ী স্টেডিয়ামে ঢোকার গেটগুলো, মাঠ, ড্রেসিং রুম, ফ্লাডলাইট, বাথরুমের মানোন্নয়ন করার ব্যাপারে একমত হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ"--- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু। আন্তর্জাতিক ম্যাচের ভেন্যুগুলোর মান যেন আন্তর্জাতিক স্তরের হয় তার উদ্যোগ নিয়েছে ফিফা। আর সেজন্য সারা বিশ্বের ফুটবল স্টেডিয়ামগুলো পরিদর্শন করে ফিফা সংশ্লিষ্ট ফেডারেশনের কাছে প্রেসক্রিপশন পাঠাচ্ছে। গত জুলাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দেখতে ঢাকায় এসেছিলেন স্থপতি সালমান মোহাম্মদ নামশান। তারপর ফিফা থেকে এসেছে গাইডলাইন- স্টেডিয়ামে ঢোকার গেটে কোনো দোকান রাখা যাবে না। দোকানের কারণে দর্শকের পক্ষে স্টেডিয়ামের গেট চিহ্নিত করা কঠিন হয়ে যায়। ড্রেসিং রুমে বায়ু চলাচলের কোনো ব্যবস্থা নেই, তাই সেখানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বসাতে ক্রীড়া পরিষদ রাজি হয়েছে বলে জানিয়েছেন মালু। আর বাফুফে ড্রেসিং রুমে ব্ল্যাকবোর্ড বসিয়ে দেবে যেন কোচ আকিঁবুকির মাধ্যমে খেলোয়াড়দের স্ট্র্যাটেজি বোঝাতে পারেন। ফ্লাডলাইটের উজ্জ্বলতা বাড়ানোর জন্য ফিফা যে তাগিদ দিয়েছে তা-ও মেনে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে আগামী ৮ অক্টোবর তাজিকস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের আগে হচ্ছে না এসব সংস্কার। এই ম্যাচের আগে কেবল মাটি ফেলে মাঠটাকে সমান করা হবে। সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে যাওয়ার চরিত্র পাল্টানোর জন্য ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ করা হবে পরে। বাফুফে চাইছে আগামী বি. লিগের পর ভেন্যুন্নোয়নের কাজ শুরু করতে। সে অনুযায়ী আগামী মে মাসে সংস্কার কাজ শুরু হতে পারে বলে জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.