ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- একাদশ দক্ষিণ এশীয় গেমস নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে সরকার। দুশ্চিন্তার কারণ অর্থ। এই বিশাল ক্রীড়াযজ্ঞের জন্য যে পরিমাণ টাকা লাগবে সেটার যোগান নিয়ে সরকারের
এই দুশ্চিন্তার কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী।
সূচী অনুযায়ী আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা একাদশ এস এ গেমস। কিন্তু তার বাজেট নিয়ে এখনই ভাবনায় পড়ে গেছেন ক্রীড়া উপদেষ্টা। "আগামী বছর এসএ গেমস আয়োজন করতে ১২৬ কোটি টাকা লাগবে। সেটা নিয়ে সত্যিই আমরা ভাবনায় পড়ে গেছি, কারণ আর্থিকভাবে সরকার চাপের মধ্যে আছে"--- স্পেশাল অলিম্পিকের অথ্যলেটদের সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের দুশ্চিন্তার বিষয়টা এভাবেই স্পষ্ট হলো ক্রীড়া উপদেষ্টার কথায়। তাহলে এই অর্থসংকটের কারণে কি গেমস পিছিয়ে যেতে পারে ? উপদেষ্টার জবাব, "না, গেমস পিছিয়ে যাবে এরকম আমি বলছি না।"
শুক্রবার বিকেএসপিতে স্পেশাল অলিম্পিকের বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে গ্রামীণফোন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। সেখানে ক্রীড়ার পাশাপাশি তিনি কথা বললেন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এবং সেই দৃষ্টিকোণ থেকে একটা তুলনাও উঠে এসেছে তার কথায়,"চাল, ডাল, তেলের মতো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে সরকারকে বেশি ভাবতে হয়। বর্তমান সময়ে ক্রীড়ার চেয়ে এগুলোই বেশি গুরুত্বপূর্ণ সরকারের কাছে। কিন্তু তার মানে এই নয় যে সরকারের ক্রীড়া নিয়ে কোনো ভাবনা নেই।''
আসলে ক্রীড়া নিয়ে সরকারের ভাবনা থাকলেও সবকিছু মিলিয়ে এখন কুলিয়ে ওঠাটাই কঠিণ হয়ে গেছে। বন্যা এবং বন্যা-পরবর্তী অবস্থা সামাল দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিস-পত্রের সরবরাহ ঠিক রাখা এবং বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে চলা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এসএ গেমসের ১২৬ কোটি টাকার বাজেট বিশাল এক চাপ। এভাবেই পুরো বিষয়টা ব্যখ্যা করে উপদেষ্টা জানালেন কেন এস এ গেমসের বাজেট নিয়ে এখনই চিন্তায় পড়ে গেছেন তিনি!
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24