২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিছিয়ে পড়েও ব্রাজিল জিতল ব্রাজিলের মতোই

পুরো ম্যাচ শেষতক মাঠে বসে দেখা হয়নি কার্লোস ডুঙ্গার। রেফারির সঙ্গে বিতন্ডায় জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে ব্রাজিল কোচকে। তার খানিক আগে লালকার্ড দেখেছেন এলানোও। কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলের জয় পেতে। শেষ ১০ মিনিটের দু'গোলে মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। বুধবার বোস্টনের এই জয় দিয়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে সেলেকাওরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বোস্টন, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পুরো ম্যাচ শেষতক মাঠে বসে দেখা হয়নি কার্লোস ডুঙ্গার। রেফারির সঙ্গে বিতন্ডায় জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয়েছে ব্রাজিল কোচকে। তার খানিক আগে লালকার্ড দেখেছেন এলানোও। কিন্তু তাতে কোনো অসুবিধা হয়নি ব্রাজিলের জয় পেতে। শেষ ১০ মিনিটের দু'গোলে মেক্সিকোর বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা। বুধবার বোস্টনের এই জয় দিয়ে উত্তর আমেরিকা সফর শেষ করেছে সেলেকাওরা। দুই কিপার গুইলার্মো ওচোয়া ও জুলিও সিজারের নৈপূন্যে ভাস্বর বলতে হবে প্রীতি এই ম্যাচটি। অসাধারণ কিপিং করেছেন দুজনেই। এরমধ্যে ম্যাচের শুরুতেই ভাগনার লাভ ও কাকার পা থেকে বল কেড়ে গোল বাঁচিয়েছেন মেক্সিকান ওচোয়া। আক্রমণ পাল্টা আক্রমণের এই ম্যাচে গোল পেতে ৪৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মেক্সিকোকে। আন্দ্রেস গুয়ার্দাদোর নিচু ক্রস দারুণ নৈপূন্যে হুয়ান কার্লোস কাচোকে বানিয়ে দেন কোপায় নজরকাড়া খেলা উপহার দেওয়া নেরি ক্যাস্টিলো। মেক্সিকোর জার্সি গায়ে এটা ছিল কাচোর প্রথম গোল। অবশ্য সমতায় ফিরতে মিনিট দুয়েক সময় নেয় ব্রাজিল। রোনালদিনিয়োর কর্ণারে দুর্দান্ত এক শটে ওচোয়াকে পরাস্ত করেন ক্লেবার। বিরতির পর ব্রাজিল একাধিক গোল বঞ্চিত হয় ওচোয়া এবং গুয়ার্দাদোর কারণে। এর মধ্যে ৬৬ মিনিটে রোনালদিনিয়োর শট দুর্দান্ত ডাইভে ক্লিয়ার করেছেন ওচোয়া। ম্যাচের মিনিট দশেক বাকি থাকতে ম্যাচ ঘুরিয়ে দেন কাকা। মাইকনের নিচু ক্রসটি ডিফেন্ডার রাফায়েল মার্কেজ ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা জালে জড়িয়ে দেন এসি মিলানের এই ফরোয়ার্ড। জেরার্ডো টরোডোকে বাজে ট্যাকেল করার কারণে মার্চিং অর্ডার পান এলানো। কিন্তু সেটা হয়ে দাঁড়ায় শাপে বর। কারণ তার বদলি নামা আফোনসো একক প্রচেষ্টার অসাধারণ এক গোলে নিশ্চিত করেন দলের জয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৩১৮ঘ.