২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দো-বাংলা গেমসের ক্যাম্প ১০ সেপ্টেম্বর শুরু

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আপাতত ভাবছে ইন্দো-বাংলা গেমস নিয়ে। এটাকে সামনে রেখেই তারা আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু করবে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 02:41 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আপাতত ভাবছে ইন্দো-বাংলা গেমস নিয়ে। এটাকে সামনে রেখেই তারা আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু করবে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় বিওএ'র (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন) ট্রেনিং কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। কমিটির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু জানিয়েছেন, "এখনই অনেক দেরী হয়ে গেছে। প্র্যাকটিস শুরু হওয়ার কথা ছিল গত জুলাই থেকে। তা করা যায়নি বলে আগামী ১০ সেপ্টেম্বর থেকে আবাসিক ক্যাম্প শুরু করার সিদ্ধান্ত হয়েছে সভায়। আপাতত ৮টি ডিসিপ্লিনের প্র্যাকটিস শুরু করে দেবো ইন্দো-বাংলা গেমস উপলক্ষ্যে।" রমজানের পর অন্যান্য ডিসিপ্লিনগুলোকে নিয়ে শুরু হবে এসএ গেমসের প্রশিক্ষণ ক্যাম্প। এদিন সভায় উপস্থিত বিভিন্ন ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চুন্নু। গত বছর কলকাতায় অনুষ্ঠিত প্রথম ইন্দো-বাংলা গেমসে ৮ টি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এবারও সেই ৮ ডিসিপ্লিন ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, সাঁতার, শ্যুটিং, অ্যাথলেটিকস ও খো-খোর অ্যাথলেটদের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প। ফুটবল, সাঁতার ও অ্যাথলেটিকসের প্রশিক্ষণ ক্যাম্প হবে বিকেএসপিতে, বাকি ডিসিপ্লিনগুলোর ক্যাম্প হবে ঢাকায়। ট্রেনিং ক্যাম্পের জন্য সরকার কতো বরাদ্দ দিচ্ছে জানেন না ট্রেনিং কমিটির চেয়ারম্যান। তবে ইন্দো-বাংলা গেমসের জন্য সোয়া দুই কোটি টাকা বরাদ্দ দেওয়ার কথা। এর আগেও বিভিন্ন গেমসের জন্য প্রশিক্ষণ ক্যাম্প হয়েছে কিন্তু নানা বিশৃঙ্খল অবস্থার মধ্যে শেষ হতো বলে তার সুফল পাওয়া যেতো না সেভাবে। আশরাফ উদ্দিন চুন্নু এবার জবাবদিহিতার ব্যবস্থা রাখতে চান, "প্রত্যেক ক্যাম্পের সঙ্গে আমাদের কমিটির একজন করে থাকবেন পর্যবেক্ষনের দায়িত্বে। এছাড়া প্রশিক্ষণে পারফরম্যান্সের কতোটা উন্নতি হচ্ছে তা-ও দেখা হবে। ট্রেনিং শুরু করার জন্য দু-একদিনের মধ্যে ফেডারেশনের কাছে আমরা চিঠি দিয়ে দেবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০০০ঘ.