ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথম ম্যাচে থাইল্যান্ডকে গোল বন্যায় ভাসানোর পরদিনই বাংলাদেশ ৬-০ গোলে হেরে গেছে চীনের কাছে। এ পরাজয় অপ্রত্যাশিত নয়, কারণ এই চীনের বিপক্ষে জিততে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতকে।
সপ্তম এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের কাছে ১-০ গোলে হার-মানা চীন শনিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে। এবং ৬ মিনিটের মাথায় তারা সাফল্য পায় পেনাল্টি কর্ণার থেকে গোল করে। তারপর নিয়মিত বিরতিতে গোল খেয়ে বাংলাদেশ প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে পিছিয়ে থেকে। দ্বিতীয়র্ধে আরো ৩ গোল হজম করে বাংলাদেশ। চীনের ৬ গোলের মধ্যে ৩ টিই হয়েছে পেনাল্টি কর্ণার থেকে।
চেন্নাই থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইউসুফ আলী টেলিফোনে বিডিনিউজকে জানিয়েছেন, "চীনের সঙ্গে বাংলাদেশ লড়াই করেছে কিন্তু পেনাল্টি কর্ণার থেকে গোল বের করতে না পারায় ব্যবধান বড় হয়েছে। আমরা তিনটা পেনাল্টি কর্ণার পেয়ে একটিও গোলে পরিণত করতে পারিনি। আর চারটি পেনাল্টি কর্ণারের মধ্যে চীন ৩ টি গোল করেছে।"
আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯৫০ঘ.
bdnews24