ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সপ্তম এশিয়া কাপ হকিতে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার চেন্নাইয়ে টুর্নামেন্টের উদ্বোধনী দিনে তারা ১৩-০ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে, আন্তর্জাতিক হকিতে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আগের বড় জয়ের রেকর্ডও এই মাঠে, '৯৫ সাফ গেমসে এই মাঠেই বাংলাদেশ ১২-১ গোলে হারিয়েছিল নেপালকে।
বাংলাদেশের এই জয়ের নায়ক রাসেল মাহমুদ জিমি, চারটি গোল করে এই স্ট্রাইকার ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন। কোনো আর্ন্তজাতিক ম্যাচে বাংলাদেশের কোনো খেলোয়াড়ের ৪ গোল করার ঘটনাও এই প্রথম।
ম্যাচের চতুর্থ মিনিটে গোলের সূচনা করেন জাহিদ বিন তালেব। এরপর রাসেল মাহমুদ জিমির দুই গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৩-০ গোলে। ২৪ মিনিটে খন্দকার হাসান আরেকটি গোল করলে বাংলাদেশ ৪-০ তে এগিয়ে থেকে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে লাল-সবুজ বাহিনী আরো আক্রমনাত্মক রূপে আবির্ভুত হয়ে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে থাইল্যান্ডকে। এই অর্ধে মামুন ৩ টি, ইকবাল নাদির ও জাহিদুল ইসলাম রাজন দুটি করে গোল করেছেন। এবং ম্যাচের শেষ দুটি গোল এসেছে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে।
টুর্নামেন্টের শুরুতে এই জয় বাংলাদেশকে অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী, "অনেক সীমাবদ্ধতার মাধ্যে খুব কষ্ট করেই দলটিকে ভারতে পাঠানো হয়েছে। ফেডারেশনের সবার আন্তরিকতা না থাকলে হয়তো পারতাম না। প্রথম ম্যাচে ছেলেরা ভাল খেলে তার প্রতিদান দিয়েছে, এটাই ভাল লাগছে।"
এই বিশাল জয়ের পরও অবশ্য তিনি ভয় পাচ্ছেন ১ সেপ্টেম্বর চীনের সঙ্গে দ্বিতীয় ম্যাচটি নিয়ে। সেই ম্যাচে জয় বা ড্র নয়, গোল কম খাওয়াটাকেই তিনি মনে করেন সন্তোষজনক ফল, "চীনের সঙ্গে কম গোল খেয়ে ম্যাচ শেষ করাটাই আমাদের জন্য সম্মানজনক হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১৫ঘ.
bdnews24