ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-বাফুফে সভাপতির কথা উড়িয়ে দিয়েছেন সাফ সাধারণ সম্পাদক। আগেরদিন বাফুফে সভাপতি এস এ সুলতানের দেওয়া তথ্য ছিল সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাবে। কিন্তু বুধবার একই ভবনে বসে সাফ সাধারণ সম্পাদক ও বাফুফে সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু জানিয়েছেন, "সাফ ফুটবল পিছিয়ে যাচ্ছে এরকম কোনো খবর আমার জানা নেই।"
সাফের (দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন) বড়কর্তা সিরাজুল ইসলাম বাচ্চু। অথচ তিনিই জানেন না সাফ চ্যাম্পিয়নশিপের পিছিয়ে যাওয়ার খবর ! পূর্বঘোষণা অনুযায়ী ১০ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর শ্রীলংকা ও মালদ্বীপে যৌথভাবে হবে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এবং অপরিবর্তিত আছে এই সূচী, শুনুন সাফ সাধারণ সম্পাদকের মুখে, "পত্র-পত্রিকায় সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাওয়ার যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। ভারতের কাছ থেকে টুর্নামেন্টে পেছানোর জন্য লিখিত কিংবা মৌখিক কোনধরনের প্রস্তাবই পাইনি আমি।"
ওই সময়ে ভারতে জাতীয় ফুটবল লিগ চলবে বলে সাফ চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাবে, এমন খবর দিয়েছিলেন বাফুফে সভাপতি এস এ সুলতান। অথচ বাচ্চু বলছেন, '' ভারতের দেওয়া প্রস্তাব অনুযায়ীই আমরা সাফ ফুটবলের সূচী ঠিক করেছি। তারা ওই সময় জাতীয় লিগ বন্ধ রাখবে বলেছিল।" তার সঙ্গে সাফের অন্যান্যদের নিয়মিত যোগাযোগ আছে জানিয়ে বাচ্চু নির্দিষ্ট করে বলেছেন, মঙ্গলবারও নাকি এএফসির সহ সভাপতি মনিলাল ফার্নান্দোর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে তার ।
বাচ্চুর এখনকার ভাবনা টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান নিয়ে। "সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে সাফ ফুটবলের ড্র অনুষ্টিত হবে। একই সময়ে টুর্নামেন্টের মার্কেটিং এজেন্টরা ভেন্যু পরিদর্শনে যাবে, এরকম একটি চিঠি পাওয়া গেছে আজ"-বলেছেন সিরাজুল ইসলাম বাচ্চু। টুর্নামেন্টের স্পন্সর খোঁজার কাজ দেওয়া হয়েছে মার্কেটিং এজেন্ট ওয়ার্ল্ড স্পোর্টস গ্র"পকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০১০ঘ.
bdnews24