২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রওনা হওয়ার কথা এশিয়া কাপের হকি দলের, কিন্তু...

এশিয়া কাপে অংশ নিতে সোমবার ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশ হকি দলের। কিন্তু তার আগেরদিন মানে রোববার রাতেও তারা যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। ভিসা জটিলতায় তাদের সফরটাই অনিশ্চিত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপে অংশ নিতে সোমবার ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বাংলাদেশ হকি দলের। কিন্তু তার আগেরদিন মানে রোববার রাতেও তারা যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পারেনি। ভিসা জটিলতায় তাদের সফরটাই অনিশ্চিত হয়ে গেছে। এশিয়া কাপগামী বাংলাদেশ দলের ম্যানেজার ইউসুফ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "ভারতীয় হাই কমিশন এখনো দলের কাউকে ভিসা দেয়নি, অথচ আগামীকাল সন্ধ্যায় ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার বাসের টিকেট ও কলকাতা থেকে চেন্নাইয়ের বিমান টিকেট হয়ে গেছে। ভারতীয় হাই কমিশন ৫ জনকে ডেকেছে কাল সাক্ষাৎকারের জন্য।" সোমবার ওই সাক্ষাৎকার পর্বের ওপরই নির্ভর করছে বাংলাদেশ হকি দলের সদস্যদের ভিসা। তবে বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারীর আশা, "মনে হয়, আগামীকাল (সোমবার) সবাইকে ভিসা দিয়ে দেবে। এ ব্যাপারে আমি ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলেছি। তাছাড়া সরকারের অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গেও কথা হয়েছে। আশা করছি ভিসা হয়ে যাবে।" ভিসা হলে রোববার রাতে বাংলাদেশ দল সড়ক পথে ভারতের উদ্দেশ্যে রওনা হবে। চেন্নাইয়ে আগামী ৩১ আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তম এশিয়া কাপ হকি। যে টুর্নামেন্ট নিয়ে বাংলাদেশ দলের কোচ ও অধিনায়কের টার্গেট এক বিন্দুতে এসে মিলছে না। কোচ মাহবুব হারুনের টার্গেট ষষ্ঠ স্থানে থাকা। তার কথা, "আমাদের টার্গেট ষষ্ঠ স্থান, তবে এ-ও জানি এটা অনেক কঠিন কাজ। আমাদের দল তারুণ্যনির্ভর, তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে সম্ভব। স্থান নির্ধারনী ম্যাচে মালয়েশিয়া অথবা চীনকে হারাতে পারলেই হবে।" আসলে এক নিশ্বাসে এশিয়ার সেরা ৬টি দলের কথা বললে তাতে বাংলাদেশের নাম আসে না, এটাই তার স্বপ্নে ধাক্কা দিচ্ছে। কিন্তু অধিনায়ক ঈসা মিয়া সরাসরি বলেছেন সপ্তম স্থানের কথা, "সপ্তম স্থানে থাকতে পারলেই হবে আমাদের। সে সামর্থ্য আমাদের দলের আছে বলে আমি বিশ্বাস করি।" ৩১ আগস্ট থাইল্যান্ডের সঙ্গে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপ শুরু হবে। তারপর ১ সেপ্টেম্বর চীন, ৩ সেপ্টেম্বর শ্রীলংকা, ৪ সেপ্টেম্বর ভারত ও ৬ সেপ্টেম্বর কোরিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে শেষ হব গ্র"প পর্ব। 'বি' গ্র"পে বাংলাদেশের টার্গেট থাইল্যান্ড ও শ্রীলংকা; শুনুন অধিনায়কের মুখে, "থাইল্যান্ড ও শ্রীলংকাকে হারানো আমাদের টার্গেট। অন্যদের সঙ্গে পেরে ওঠা কঠিন হবে।" প্রায় দুমাস প্র্যাকটিসের পর যে দল হয়েছে তাতে অভিজ্ঞতার চেয়ে তারুণ্যই বেশি। একেবারে নতুন, আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ৬ জন। কোচের বিশ্বাস "নতুনরা খারাপ করবে না। স্নায়ুচাপটা সামলে তারা নিজেদের মেলে ধরতে পারলে বাংলাদেশ ভাল করবে। পুরনোরা ক্যাম্পে যোগ না দেওয়ায় যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ করতে পারবে নতুন খেলোয়াড়রা।" প্রসঙ্গত ক্যাম্পে ডাক পেয়েও যোগ দেননি এহসান রানা, মুসা মিয়া, রাসেল খান বাপ্পী, হাবুলের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.