২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ম্যাচটা সবচেয়ে বাজে খেললো বাংলাদেশ

যে সিরিয়াকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল তার সঙ্গেও এরকম ভরাডুবি হয়নি বাংলাদেশের। যেরকম হয়েছে কিরঘিজস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে; তাদের কাছে ০-৩ গোলে হেরে নেহেরু কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 04:01 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যে সিরিয়াকে সবচেয়ে বেশি ভয় পেয়েছিল তার সঙ্গেও এরকম ভরাডুবি হয়নি বাংলাদেশের। যেরকম হয়েছে কিরঘিজস্তানের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে; তাদের কাছে ০-৩ গোলে হেরে নেহেরু কাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে শুক্রবার ম্যাচের শুরু থেকেই স্পষ্ট হয়ে ওঠে মাঝমাঠে বাংলাদেশের দূর্বলতা। মিডফিল্ডার আবুল-আরমান আজিজদের ব্যর্থতায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় কিরঘিজস্তান। এবং একের পর এক আক্রমণ করে তারা চাপ বাড়াতে থাকে বাংলাদেশ ডিফেন্সের ওপর। শেষপর্যন্ত ডিফেন্ডারদের ভুলের মাশুল হিসেবেই ২৯ মিনিটে এগিয়ে যায় কিরঘিজস্তান। বাঁদিক থেকে আসা ক্রসে পা ছুঁইয়ে গোলের আনুষ্ঠানিকতা সারেন আনমার্কড লুৎফুলায়েভ। ৫৩ মিনিটে এই স্ট্রাইকারই ডান দিক থেকে পাঠানো এক ক্রসে হেড করে দলকে ২-০ তে এগিয়ে দিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। তৃতীয় গোলের দায়ও নিতে হবে বাংলাদেশী ডিফেন্ডারদের। চার চারজন ডিফেন্ডার ঠাঁয় দাঁড়িয়ে থেকে দেখলেন জামশেদভের বল রিসিভ করা এবং গোলে শট নেওয়ার দৃশ্য। আসলে কিরঘিজস্তানের নিখুঁত পাস ও দ্রুত আক্রমণে ওঠার সঙ্গে পাল্লা দিয়ে খেলতেই পারেনি বাংলাদেশ। একবার কেবল খানিকটা সম্ভাবনা জাগিয়েছিল, যদিও ২৬ মিনিটে মাঝমাঠ থেকে জাহিদ হোসেনের ওই দূরপাল্লার শটটি কিরঘিজস্তানের পোস্ট ঘেঁষে যায়। এই হারে গ্র"পে চার ম্যাচ থেকে বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। তিন ম্যাচ হেরে এবং কম্বোডিয়ার সঙ্গে ড্র করে শেষ হয়েছে বাংলাদেশের প্রথম নেহেরু কাপ মিশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.