সান্টিয়াগো, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নিজেও কি খানিকটা অবাক মার্সেলো সালাস! বছর দুয়েক হলো ভুলেই থেকেছেন তাকে। কিন্তু মার্সেলো বিয়েলসা দায়িত্ব নিয়েই জাতীয় দলে ফের ডেকেছেন চিলিয়ান এই স্ট্রাইকারকে। আগামী মাসে ইউরোপ সফরে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ঘরোয়া লিগে খেলা ১৩ জন খেলোয়াড়ের মধ্যে সালাসকে রেখেছেন চিলির এই আর্জেন্টাইন কোচ।
২০০৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের একটি ম্যাচে সর্বশেষ জাতীয় দলে ডাক পেয়েছিলেন চিলির জার্সি গায়ে ৩৫টি গোল করা সালাস। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেননি সে ম্যাচ। ইনজুরি অবশ্য চিলির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা সালাসের চিরদিনেরই সঙ্গী। এবছরের শুরুতেও মাসছয়েক পা ছোঁয়াতে পারেননি বলে। তবে গত শনিবার ঘরোয়া লিগে তার ক্লাব ইউনিভার্সিদাদ দে চিলির হয়ে দারুণভাবে খেলায় ফিরেছেন সালাস। দেপোর্তেস কনসেপসিওনের বিপক্ষে সে ম্যাচে দলের ৫-২ গোলের জয়ে ব্যাকহিল করে দুর্দান্ত একটি গোলও করেছেন।
তিনবছর নির্বাসনে থাকা বিয়েলসা এ মাসের শুরুতেই চিলির দায়িত্ব নিয়ে দলটিকে নতুন করে ঢেলে সাজিয়েছেন। অক্টোবরে নিজের দেশ আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে চিলি। তার আগে প্রস্তুতি নিতেই ইউরোপ সফরে যাচ্ছেন সদলে। ৭ সেপ্টেম্বর ভিয়েনায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে চিলি, ১১ সেপ্টেম্বর একই জায়গায় অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএ/১৬৪০ঘ.
bdnews24