রিও ডি জেনিরো, ২১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অপমানটা ভোলেননি কার্লোস ডুঙ্গা। আর সুযোগ পেয়ে এবার তা ফিরিয়েও দিলেন ব্রাজিল কোচ। জাতীয় দলে কাকা ও রোনালদিনিয়োকে স্বাগত জানালেও স্পষ্টই জানিয়ে দিয়েছেন দুজনের কারো জন্যই প্রথম একাদশ নিশ্চিত নয়। বুধবার ফ্রান্সের মন্টপিলিয়ারে আলজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেবে ডুঙ্গার দল। এতে কাকা ও রোনালদিনিয়োকে রিজার্ভ বেঞ্চে রেখেছেন তিনি।
কোপা আমেরিকায় খেলেননি। কারণ ইওরোপিয়ান ফুটবলের দীর্ঘ এক মৌসুমের ধকলের শ্রান্তিকে অজুহাত দিয়েছিলেন রোনালদিনিয়ো এবং কাকা। বার্সেলোনা এবং এসি মিলানের এই দুই ফরোয়ার্ডকে ছাড়াই একদল নতুন মুখ নিয়ে ভেনেজুয়েলা গিয়েছিলেন ডুঙ্গা। কোচিং ক্যারিয়ারকে বাজি ধরা এই টুর্নামেন্টে ব্যর্থ হলে নিশ্চিত চাকরি হারাতেন। কিন্তু তাকে বিমুখ করেনি অচিন মুখেরা। চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়ে কোপার শিরোপা নিয়ে ঘরে ফেরে তারা। মুখরক্ষার পর কোনো রকম বিদ্বেষ দেখাননি বটে ডুঙ্গা, কিন্তু এই মহাতারকাদের ক্ষমাও করেননি। তবে সেটা জানিয়ে দিয়েছেন একটু ভিন্নভাবে। আলজেরিয়ার ম্যাচে কোপায় খেলা খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন। প্রতিষ্ঠিত তারকারা বাড়তি খাতির পাবে না জানিয়ে বলেছেন, "ভেনেজুয়েলায় যারা ছিল, যারা সুযোগটা সদ্ব্যবহার করেছে তারাই সবার আগে সুযোগ পাবে।"
কোপা চলাকালেই ডুঙ্গা ধন্যবাদের ওপর রেখেছিলেন তার দলকে। বারবার বলেছেন এরা পরিবার-পরিজন ছেড়ে দেশের জন্য খেলছে। কথাগুলো যে রোনালদিনিয়ো-কাকাকে ঠেস দিয়ে বলা, সেটাও বোঝা গেছে। তারপরও এভাবে দুজন সুপারস্টারকে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখাটা মেনে নিতে পারেনি ব্রাজিলিয়ান মিডিয়া। কিন্তু এ ব্যাপারে নির্লিপ্ত ডুঙ্গার যুক্তি, "এটাই স্বাভাবিক, এমনই হওয়া উচিত। মাঠের পারফরম্যান্সের বিচারেই প্রতিটি খেলোয়াড় দলে তার জায়গা করে নেবে।"
২০১০ বিশ্বকাপের বাছাইপর্বের আগে এক ধরণের প্রস্তুতি ম্যাচ খেলছে ব্রাজিল আলজেরিয়ার সঙ্গে। এর আগে একবারই মুখোমুখি হয়েছিল দুদল। ১৯৮৬ বিশ্বকাপের সে ম্যাচে উত্তর আফ্রিকানদের ১-০ গোলে হারিয়েছিল ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এএআর/১৬২০ঘ.
bdnews24