ঢাকা, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---২২ বছর পর মঙ্গলবার আবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সেই ইন্দোনেশিয়া, প্রতিপক্ষ হিসেবে যাদের ছবি ভাসলেই ভেসে ওঠে চ্ন্নুুর অসাধারণ ফ্রি কিকের ছবিও। ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচটিতে ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে, ইলিয়াসের গোলে সমতা ফিরিয়ে আনার পর শেষ মুহুর্তে চুন্নুর সেই যাদুমাখা শট। চুন্নুরা গেছেন, গেছে বাংলাদেশের ফুটবলও; এতটাই যে আবার যখন ইন্দোনেশিয়ার মুখোমুখি তখন বড় ব্যবধানে বাংলাদেশের হেরে যাওয়াকেই মনে হচ্ছে স্বাভাবিক ফল। এবং সেটা আরও স্বাভাবিক এ কারণে যে বাংলাদেশ মারদেকায় পাঠিয়েছে দ্বিতীয় সারির দল।
১৯৮৫ সালের বিশ্বকাপ কোয়ালিফাইং এর সেই ম্যাচের ঠিক পরই পাকিস্তানের কায়দে আজম ট্রফিতে বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়ার, এবং সেখানেও ওদের রুখে দিয়ে ম্যাচ ড্র করেছিল ১-১ এ। এসব স্মৃতি, বাস্তবতা যেটা সেটা সোমবার প্র্যাকটিসেই দেখেছে বাংলাদেশ দল। কুয়ালালামপুর থেকে ফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে সেটাই জানালেন দলের ম্যানেজার আমীরুল ইসলাম বাবু,''আমরা প্র্যাকটিসে ওদের যা দেখেছি তাতে ওরা অনেক ভালো দল।'' বাংলাদেশের প্র্যাকটিসের পরই ইন্দোনেশিয়া নেমেছিল প্র্যাকটিসে, সেটা দেখেই খেলোয়াড়রা জেনে গেছে এই দলের সঙ্গে লড়াইটা হবে অনেক কঠিন। বাবু জানিয়েছেন সেই কঠিন লড়াইয়ের জন্য কোচ হাসানুজ্জামান বাবলু বাংলাদেশ দলকে তৈরি করেছেন ৫-৩-২ ফর্মেশনে,''কোচ যে ছক তৈরি করেছেন সেটা হলো নিজেদের ডিফেন্স সুরক্ষিত রেখে কাউন্টার অ্যাটাকনির্ভর খেলা।'' যার অর্থ মঙ্গলবারের বাংলাদেশ দল খেলবে মুলত রক্ষণাত্মক ফুটবল।
কুয়ালালামপুরের শাহ আলম স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচের সম্ভাব্য বাংলাদেশ দল : হিমেল, হাসান আল মামুন, শুভ্র, আরাফাত রনি, পারভেজ বাবু, মাহমুদুল হাসান, শরীফ, মতিউর মুন্না, মামুনুল ইসলাম, মনি এবং মোহাম্মদ রনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২২০০ঘ.
bdnews24