লন্ডন, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইংলিশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় সপ্তাহেই মুখোমুখি হয়ে গিয়েছিল শিরোপা প্রত্যাশী দুই দল চেলসি এবং লিভারপুল। তাতে জেতেনি কেউ। ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে দুই দল। ড্র করেছে শিরোপা প্রত্যাশী অন্য দল আর্সেনালও। ব্ল্যাকবার্নের সঙ্গে তাদের ম্যাচটির ফলও ১-১। ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা অবশ্য ফেভারিটদের মধ্যে সবচেয়ে করুণ। আগের দুই ম্যাচে ড্র করা ম্যানচেস্টার রোববার তাদের শহরের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির কাছে হেরে গেছে ০-১ গোলে।
লিভারপুলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ফার্নান্দো টোরেস। প্রধমার্ধের ১৭ মিনিটে স্টিভেন জেরার্ডের পাস থেকে নতুন ক্লাবের পক্ষে প্রথম গোলটি করেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে বিতর্কিত এক পেনাল্টি পায় চেলসি। বল ছাড়াই স্টিভ ফিনানের ধাক্কায় ফ্লোরেন্ত মালুদা বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। গত চ্যাম্পিয়নস লিগে দুদলের সেমিফাইনাল নিষ্পত্তি হয়েছিল টাইব্রেকারে। সেখানে চেলসির একমাত্র গোলদাতা ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবারও লক্ষ্যভেদ করেন পেপে রেইনাকে বিভ্রান্ত করে। তিন ম্যাচে চেলসির পয়েন্ট ৭, লিভারপুল দুই ম্যাচ খেলে পেয়েছে ৪ পয়েন্ট।
রাহুর ফের কাটছেই না ম্যানচেস্টার ইউনাইটেডের। আগের দু ম্যাচ ড্র করার পর রোববার ম্যানচেস্টার সিটির কাছে ১-০ গোলে হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। পরিসংখ্যান বলছে প্রিমিয়ার লিগে কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এত বাজে ভাবে মৌসুম শুরু করেনি। সেই '৯২তে সর্বশেষ এত বাজে শুরু ছিল 'রেড ডেভিল'দের। সেবার ৩ ম্যাচে ১ পয়েন্ট পেয়েছিল তারা। অন্যদিকে ম্যানচেস্টার সিটির জন্য এ এক দারুণ শুরু। সাবেক ইংল্যান্ড কোচ সভেন গোরান-এরিকসন দায়িত্ব নিয়েই 'ম্যানচেস্টার ডার্বি' জিতলেন। সেইসঙ্গে ৩ ম্যাচে পুরো ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে তার দল।
ইউনাইটেডের একচেটিয়া আক্রমণ ও অফুরান মিসে ভরপুর এই ম্যাচের গতির বিপরীতেই গোল পেয়েছে সিটি। ৩১ মিনিটে এলানোর ক্রস থেকে গোলটি করেছেন ব্রাজিলিয়ান জিওভান্নি। ডি বক্সের প্রান্ত থেকে তার শটটি ডিফেন্ডার নেমানজা ভিদিচের গায়ে লেগে জালে প্রবেশ করে। ম্যান ইউ বহুবার সুযোগ পেয়েছে সমতার। কিন্তু সিটির নিরেট রক্ষণ এবং ম্যানচেস্টারের পক্ষে পারফরম্যান্সের জন্য কিংবদন্তীর মর্যাদা পাওয়া ড্যানিশ গোলরক্ষক পিটার স্মেইকেলের ছেলে ক্যাসপার স্মেইকেলের দুর্দান্ত কিপিং তাদের বঞ্চিত রেখে দেয়। ইনজুরি টাইমের ঠিক আগে ফাঁকা নেটে গোল মিস করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
গোলকিপার জেন্স লেম্যানের বাজে এক ভুলে গোল খেয়ে আর্সেনাল ১ পয়েন্ট খুইয়েছে ব্ল ্যাকবার্ন রোভার্সের কাছে। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। ১৮ মিনিটে রবিন ফন পার্সির গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৭২ মিনিটে ডেভিড ডানের দুরপাল্লার শট লেম্যানের হাত ফস্কে জালে ঢুকে পড়লে সমতায় ফেরে ব্ল্যাকবার্ন রোভার্স। রায়ান নেলসন লাল কার্ড পাওয়ায় শেষ ১০ মিনিট ১০ জন নিয়ে খেলে তারা। কিন্তু গানার্সরা তার ফায়দা লুটতে ব্যর্থ হয়। দুদলই দুটো করে ম্যাচ খেলেছে, পেয়েছে ৪ পয়েন্ট করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/ ২৩০০ঘ.
bdnews24