ঢাকা, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- শেষপর্যন্ত মালয়েশিয়া পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। রোববার বিকালে কুয়ালালামপুরে তাদের অনুশীলনেও নেমে যাওয়ার কথা।
''ম্যানেজার (আমীরুল ইসলাম বাবু) কুয়ালালামপুরে নেমেই আমাকে ফোন করেছে। ব্যাংককের ঘটনার কারণে নামার পর আমাদের খবরটা জানাতে আর দেরি করেনি'' রোববার মারদেকা কাপ খেলতে যাওয়া বাংলাদেশ ফুটবল দলের কুয়ালালামপুর পৌঁছার খবরটা এভাবে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনজুর হোসেন মালু।
শনিবার দুপুরে রওনা হয়েছিল বাংলাদেশ দল। ব্যাংকক ঠিকমতো পৌঁছে গেলেও ওখান থেকে কুয়ালালামপুরের বিমান ধরতে গিয়েই দেখা দেয় গোলমাল। ওটা ছিল এয়ার এশিয়ার ফ্লাইট, ফ্লাইটটা ছাড়ে আভ্যন্তরীন বিমানবন্দর থেকে, কিন্তু ট্রানজিট ভিসা ছাড়া মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশ দলকে আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়তে দিচ্ছিল না। শেষপর্যন্ত ঢাকা থেকে তাদের বহন করা জিএমজি এয়ারলাইন্সের কর্তাদের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়। বাংলাদেশ দল ফ্লাইট ধরে মালয়েশিয়ান স্থানীয় সময় শনিবার গভীর রাতে গিয়ে পৌঁছায় কুয়ালালামপুরে। মালয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে পুরো বিষয়টা জানিয়ে ফেরার সময় যেন সমস্যা না হয় সেটা নিশ্চিত করার অনুরোধ করেছে বাফুফে এবং তাদের তরফ থেকে একটা আশ্বাসও পাওয়া গেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মালু।
৮ জাতি মারদেকা কাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। মঙ্গলবার তাদের সঙ্গে ম্যাচ দিয়েই শুরু হবে বাংলাদেশের মারদেকা কাপ মিশন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০৫০ঘ.
bdnews24