ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আশির দশকে হারতো এক গোলের ব্যবধানে। এখন ব্যবধানটা বেড়ে দুই গোলের হয়েছে। শনিবার দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে সিরিয়ার কাছে ২-০ গোলে হেরে নেহেরু কাপ শুরু করেছে বাংলাদেশ।
হারটা একেবারে অপ্রত্যাশিত ছিল না। কারণ যাওয়ার আগে এই সিরিয়াকে টুর্নামেন্টের ফেভারিটের মর্যাদা দিয়ে দিল্লী রওনা হয়েছিল সৈয়দ নাঈমুদ্দিনের বাংলাদেশ দল। তাছাড়া এর আগে দুবার সিরিয়ার মুখোমুখি হয়েও তারা হেরেছে মধ্যপ্রাচ্যের দলটির কাছে। সর্বশেষ ১৯৮৪ সালে এশিয়া কাপ ফুটবলের বাছাইপর্বে ২-১ হার মানে তারা। সেই তুলনায় ২৩ বছর পর যখন বাংলাদেশের ফুটবল দিনে দিনে রুগ্ন হয়েছে তখন দুই গোলের ব্যাবধানে পরাজয় মেনে নেওয়াই যায়।
প্রথমার্ধের কৃতিত্ব হচ্ছে গোলশূন্যভাবে শেষ করা। শক্তিশালী সিরিয়ার বিপক্ষে স্বাভাবিকভাবেই ৪-৫-১ ছকে রক্ষণাত্মক ঢংয়ে শুরু করে বাংলাদেশ। তাই প্রতিপক্ষ আক্রমণ করেও গোলের দেখা পায়নি। কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে প্রতিরোধটা আর ধরে রাখতে পারেনি। ৪৮ মিনিটে খুলে যায় বাংলাদেশের গোলমুখ। তারপর ৭৯ মিনিটে দ্বিতীয় গোল করে সিরিয়া।
২২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভাল একটা সুযোগ তৈরি করেও জাহিদ হেসেনের দূরপাল্লার শট গোলপোস্ট ঘেঁষে চলে যায়। তাই দুই গোলের ব্যবধানে হার মেনেই নিজেদের প্রথম নেহেরু কাপ মিশন শুরু করতে হয়েছে বাংলাদেশকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২২১৮ঘ.
bdnews24