ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সপ্তম এশিয়া কাপ হকি টুর্নামেন্টে বাংলাদেশ দলের অধিনায়ক করা হয়েছে ডিফেন্ডার ঈসা মিয়াকে। তার ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে জাহিদ হোসেনকে। শুক্রবার বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ৩১ আগস্ট থেকে ভারতের চেন্নাইয়ে শুরু হবে সপ্তম এশিয়া কাপ হকি। বি গ্র"পে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে। গ্র"পের অন্য প্রতিপক্ষরা হচ্ছে ভারত, কোরিয়া, চীন ও শ্রীলংকা।
শুক্রবারের এই সভায় হকি দলের ভারত যাওয়ার খরচের ব্যাপারেও আলোচনা হয়েছে। তারা শুরুতে এজন্য ২০ লাখ টাকার বাজেট দিলেও জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশে তা কমাতে হয়েছে। "জাতীয় ক্রীড়া পরিষদ বলেছে, তারা ১৪ লাখ ৩২ হাজার টাকা দিতে পারবে। তাই বাজেট কমিয়ে ১৭ লাখে আনা হয়েছে। বাকি টাকা ফেডারেশন বহন করবে"- বলেছেন হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ আবদুর রশিদ সিকদার।
এছাড়া দলের ক্যাম্পের খরচ চালিয়ে নেওয়ার ভার দেওয়া হয়েছে কমিটির কয়েকজন সদস্যকে। কমিটির সদস্যদের খরচে ভারতে রওনা হওয়ার আগ পর্যন্ত দলের ক্যাম্প চলবে জানিয়েছেন কোষাধ্যক্ষ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৩৫ঘ.
bdnews24