ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবশেষে কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে মারদেকা কাপের বাংলাদেশ দল। ব্যাংককে গিয়ে মালয়েশিয়া যাওয়ার বিমান খুঁজে না পেলেও শেষে মুহুর্তে তারা বাংলাদেশী বেসরকারি এয়ালাইন্স জিএমজি'র কর্মকর্তাদের সহযোগিতায় এয়ার এশিয়ার বিমানে চড়েছে।
কিন্তু জাতীয় ফুটবল দল ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে এয়ার এশিয়ার বিমান খুঁজে পাচ্ছিল না। দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ফোনে এ খবর দিয়েছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।
শনিবার দুপুর ১২ টায় জিমজি এয়ারলাইন্সে ব্যাংকক রওনা হয় বাংলাদেশ দল। ব্যাংকক বিমানবন্দরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা পর্যন্ত যাত্রাবিরতি, তারপর ৭ টা ২০ মিনিটে এয়ার এশিয়ার বিমানে চড়ে মালয়েশিয়া যাওয়ার কথা তাদের। বিকেল সাড়ে ৫ টায় বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছিলেন, "ব্যাংকক এয়ারপোর্ট থেকে বাবু ফোন করে বলেছে তারা এয়ার এশিয়ার বুথ খুঁজে পাচ্ছে না। ওই খবর শুনে আমরা মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন ধরছে না।"
পরে রাত ৮ টায় জানা গেছে মূল সমস্যা ট্রানজিট নিয়ে। শুনুন বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাত্তাহর মুখে, "এয়ার এশিয়ার বুথ ব্যাংককের আরেকটা বিমানবন্দরে। কিন্তু সেখানে যাওয়ার ট্রানজিট নেওয়া ছিল না দলের। শেষে জিমজি এয়ারলাইন্সের কর্মকর্তারা এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে নিজেদের দায়িত্বে অন্য এয়ারপোর্টে নিয়ে এয়ার এশিয়ার বিমানে তুলে দিয়েছেন।"
বাফুফের সঙ্গে টুর্নামেন্ট আয়োজকদের কথা অনুযায়ী, ঢাকা থেকে ব্যাংকক পাঠানোর দায়িত্ব বাফুফের। এরপর নিজেদের খরচেই আয়োজকরা এয়ার এশিয়ার বিমানে করে কুয়ালালামপুর নিয়ে যাবে বাংলাদেশ দলকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০৫০ঘ.
bdnews24