ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)- ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনার পরই নেহেরু কাপের ত্রয়োদশ আসর শুরু করেছে স্বাগতিকরা টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় জয় দিয়ে। শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কম্বোডিয়াকে ৬-০ গোলে বিধ্বস্ত করে গত চার যুগে সবচেয়ে বড় জয় পেয়েছে ভারত।
প্রদীপ ও বাইচুং ভুটিয়ার দুই গোলে ভারত প্রথমার্ধ শেষ করে ২-০ গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্টিফেন ডায়াস ও সুনীল ছেত্রী দুটো করে গোল দিলে নেহেরু কাপের ইতিহাসের স্বাগতিকদের সবচেয়ে বড় জয় নিশ্চিত হয়।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলে ভারত ১৬ মিনিটেই গোল আদায় করে নেয়। প্রায় ২৫ গজ দূর থেকে মাটি কামড়ানো তীব্র শটে দলকে এগিয়ে নেন এন পি প্রদীপ। তারপর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে কম্বোডিয়া একটু প্রতিরোধ গড়ে তুললেও ৭২ মিনিটে তা ভেঙ্গে যায় ম্যান অব দ্য ম্যাচ স্টিফেন ডায়াসের গোলে। ঠিক তার আগের মিনিটেই রেনেডি সিং ও বাইচুং ভুটিয়ার জায়াগায় ক্লিফোর্ড মিরান্ডা ও অভিষেক যাদব নামালেও ভারতের অক্রমণের ঝাঁঝ এতটুকু কমেনি। বরং বেড়েছে এবং শেষ ১০ মিনিটেই আরো ৩ গোল আদায় করে নেয় তারা। ৮৩ মিনিটে গোলের খাতা খুলেন অরেক স্ট্রাইকার সুনীল ছেত্রী এবং তার দু মিনিট পরে ক্লিফোর্ডের ক্রসে ভলি মেরে নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগে ৩০ গজ দূর থেকে আরেকটি জোরালো শটে ডায়াস নিজের দ্বিতীয় গোল করে রীতিমতো উড়িয়ে দেন কম্বোডিয়াকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৩৪ঘ.
bdnews24