ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কয়েকজন প্রাক্তন ও বর্তমান ফুটবলারদেও নিয়ে গড়া দল ঢাকা একাদশ দুটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে শনিবার ইংল্যান্ডে রওনা হচ্ছে। সফর নিয়ে আদম পাচারের অভিযোগ উঠলেও খেলোয়াড়দের দাবি "এটা মিথ্যা অভিযোগ।"
তাদের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী লন্ডন টাইগার্স ও লন্ডন সোনালী অতীত ক্লাবের আমন্ত্রণে ১৬ সদস্যের দল যাচ্ছে। যেখানে সাবেক ফুটবলারের সংখ্যা ৭ জন- ইমতিয়াজ আহমেদ নকীব, ইকবাল হোসেন, গোলাম গাউস, আলমগীর হাসান, রিয়াজ উদ্দিন, সুজিত কুমার শাহ ও দুলাল চন্দ্র সাহা। তাদের সঙ্গে এখনকার কিছু ফুটবলারও আছেন। দলের কোচ সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ ও ম্যানেজার আবু হাসান চৌধুরী প্রিন্স।
এই দলের বিরুদ্ধে আদম পাচারের গুঞ্জন ভাসছে হাওয়ায় । কিছু বিস্মৃতপ্রায় সাবেক ফুটবলার দলে থাকাতে নিয়ে গুঞ্জনটা জোর পেয়েছে আরো। এ ব্যাপারে জানার জন্য ম্যানেজার ও কোচের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। পাওয়া গেছে দলের সদস্য ব্রাদার্সের গোলরক্ষক নিজাম মজুমদারকে, তিনি এটাকে পিকনিক ট্যুর হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, "দলের বেশিরভাগই প্রাক্তন ফুটবলার। আমরা আসলে বেড়ানোর জন্যই যাচ্ছি । এই দলের সবাই-ই ফুটবলার এবং তাদের সবাই চেনে। সুতরাং আদম পাচারের অভিযোগ একেবারে ভিত্তিহীন।" তিনি ৩১ আগস্টের মধ্যে ফিরে আসার প্রতিজ্ঞা করে জানিয়েছেন, "আমাদের এক মাসের ভিসা। আগামী ২৭ আগস্ট আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবো।"
তারা ১৯ আগস্ট ও ২১ আগস্ট দুটো প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলবে লন্ডন টাইগার্স ও লন্ডন সোনালী অতীত দলের সঙ্গে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১১০ঘ.
bdnews24