২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পয়েন্ট হারালো ম্যানচেস্টার, সঙ্গে রোনালদোকেও

পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। হারালো ক্রিস্টিয়ানো রোনালদোকেও। আগের ম্যাচে পয়েন্টের সঙ্গে সঙ্গে ওয়েইন রুনিকে হারানোর পর এই ম্যাচে এভাবে রোনালদোকে হারানোতে চ্যাম্পিয়নদের শিরোপা রক্ষার লড়াই জোর ধাক্কা খেলো শুরুতেই। আর এসবের ভীড়ে প্রায় হারিয়েই গেছে ম্যানচেস্টারের পক্ষে কার্লোস তেভেজের অভিষেক, যদিও পোর্টসমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে যথেষ্টই কার্যকর ছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বুধবার রাতের অন্য ম্যাচে গতবারের রানার্স আপ চেলসি রেডিং ইউনাইটেডকে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে ফিরেছে দ্বিতীয় ম্যাচ থেকেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2007, 10:06 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ম্যানচেস্টার, ১৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পয়েন্ট হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। হারালো ক্রিস্টিয়ানো রোনালদোকেও। আগের ম্যাচে পয়েন্টের সঙ্গে সঙ্গে ওয়েইন রুনিকে হারানোর পর এই ম্যাচে এভাবে রোনালদোকে হারানোতে চ্যাম্পিয়নদের শিরোপা রক্ষার লড়াই জোর ধাক্কা খেলো শুরুতেই। আর এসবের ভীড়ে প্রায় হারিয়েই গেছে ম্যানচেস্টারের পক্ষে কার্লোস তেভেজের অভিষেক, যদিও পোর্টসমাউথের সঙ্গে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচটিতে যথেষ্টই কার্যকর ছিলেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। বুধবার রাতের অন্য ম্যাচে গতবারের রানার্স আপ চেলসি রেডিং ইউনাইটেডকে হারিয়ে পুরো পয়েন্ট নিয়ে ফিরেছে দ্বিতীয় ম্যাচ থেকেও। লিগের প্রথম ম্যাচে রেডিং এর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ম্যানচেস্টার। এবং সে ম্যাচে ইনজুরিতে পড়ে প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন ওয়েইন রুনি। পোর্টসমাউথের বিপক্ষে এই ম্যাচটি তাই ম্যানচেস্টারের জন্য ছিল কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় উতরে যাওয়ার মতোই শুরু করেছিল তারা। কার্লোস তেভেজের চমৎকার বানিয়ে দেয়া বল থেকে জোরালো শটে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানইউ'র প্রথম গোলটি করেন পল স্কলস। গোলের পর অনেকবারই দ্বিতীয় গোলের কাছাকাছি গেছে ম্যানচেস্টার। ন্যানি- রোনালদোরা অনেক সম্ভাবনা জাগিয়েছেন, তেভেজও তার প্রথম ম্যান ইউ গোলের আশ-পাশ ঘুরে এসেছেন একাধিকবার। কিন্তু সেই গোল তো তারা পায়ইনি, উল্টা ৫৩ মিনিটে গোল খেয়ে ম্যাচের অগ্রগামিতা হারিয়ে ফেলে তারা। এবং এভাবেই ম্যাচ শেষ হওয়াতে টানা দুই ম্যাচে ড্র করে ম্যানচেস্টারের পয়েন্ট এখন মাত্র ২, যখন প্রধান প্রতিপক্ষ চেলসি দুই ম্যাচ জিতে তুলে নিয়েছে পুরো ৬ পয়েন্ট। আর্সেনাল-লিভারপুলদের কেউও এখন হোঁচট খায়নি। কিন্তু ম্যানচেস্টারের জন্য এর চেয়েও বড় দুঃসংবাদ রোনালদোর লাল কার্ড। ম্যাচের শেষ ভাগে মেজাজ হারিয়ে প্রতিপক্ষের একজনকে বল ছাড়া লাথি মারার অপরাধে তাকে বহিষ্কার করেন রেফারি, আর তার শাস্তি হিসেবে আগামী দুই ম্যাচও খেলতে পারবেন না তিনি। দুই ম্যাচে তাই পয়েন্ট হারানোর সঙ্গে সঙ্গে দুই সেরা খেলোয়াড়কে হারিয়ে ম্যানচেস্টার এখন যথেষ্টই বিপদে। এই দুজনকে বাদ দিয়েই রোববার তাদের নামতে হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। সাবেক ইংলিশ কোচ গোরান এরিকসনের অভিভাবকত্বে এবার অন্যরকম কিছু করে দেখানোর টার্গেট নিয়ে লিগ শুরু করেছে সিটি। আগের ম্যাচে ম্যানচেস্টারকে রুখে দেয়া রেডিং চেলসিকেও হুমকির মধ্যে রেখেছিল। ম্যাচের শুরুতে আন্দ্রে বিকেইর গোলে এগিয়েও গিয়েছিল তারা, কিন্তু ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ও দিদিয়ের দ্রগবার গোল দুটোতে চেলসি তাদের দ্বিতীয় ম্যাচেও মাঠ ছেড়েছে জয় নিয়েই। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৬০২ঘ.