২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁতার, অ্যাথলেটিকস এবং বাস্কেটবল ফেডারেশনের নতুন কমিটি

আভাসটা গত জুলাইয়ের শুরুতেই দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তারই অংশ হিসেবে মঙ্গলবার তিনটি ফেডারেশনের কমিটি ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশের খেলাধুলার সর্বোচ্চ এই সংস্থা এক প্রজ্ঞাপনে জানিয়েছে সাঁতার, অ্যাথলেটিকস ও বাস্কেটবল ফেডারেশনের নির্বাহী কমিটি বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2007, 04:03 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, ১৪ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আভাসটা গত জুলাইয়ের শুরুতেই দিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তারই অংশ হিসেবে মঙ্গলবার তিনটি ফেডারেশনের কমিটি ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাংলাদেশের খেলাধুলার সর্বোচ্চ এই সংস্থা এক প্রজ্ঞাপনে জানিয়েছে সাঁতার, অ্যাথলেটিকস ও বাস্কেটবল ফেডারেশনের নির্বাহী কমিটি বাতিল করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ১৯৭৪-এর ২০ এ (বি) ধারায় এই তিনটি ফেডারেশনের জন্য আলাদা অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ফেডারেশন তিনটির সাধারণ সম্পাদক হয়েছেন কমোডর এমএ কবির (সাঁতার), মোশাররফ হোসেন শামীম (অ্যাথলেটিকস) এবং অবসরপ্রাপ্ত লে.কমান্ডার অভিজিত সরকার। তিনটি ফেডারেশনেরই সভাপতি পদ অবশ্য অপরিবর্তিত রয়েছে। সাঁতার ও অ্যাথলেটিক ফেডারেশনের জন্য ২৩ জনের এবং বাস্কেটবল ফেডারেশনে ২৬ সদস্যের নতুন কমিটি নিয়োগ দিয়েছে ক্রীড়া পরিষদ। মঙ্গলবার তিনটি আলাদা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, "এই নতুন কার্যনির্বাহী কমিটি অবিলম্বে দায়িত্বভার গ্রহণ করবে এবং যত শিগগির সম্ভব ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।" সাঁতার ও অ্যাথলেটিক ফেডারেশনের আগের কমিটিগুলো দেড় বছর আগে নির্বাচিত হয়েছিল। অন্যদিকে বাস্কেটবল ফেডারেশন চলছিল সাড়ে পাঁচ বছর আগে গঠিত কার্যনির্বাহী কমিটি দিয়ে। নতুন কমিটিতে পরিচিত মুখদেরই সমাবেশ। আছেন সংগঠক, পৃষ্ঠপোষক ও সাবেক খেলোয়াড়রা। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, পুলিশ এবং আনসার ও ভিডিপি ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের প্রতিনিধিরাও আছেন নতুন কমিটিগুলোয়। নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল সারওয়ার জাহান নিজাম, মোহাম্মদ দিদারুল আনোয়ার এবং কাজি আমিনুল ইসলাম যথাক্রমে সাঁতার, অ্যাথলেটিক এবং বাস্কেটবল ফেডারেশনের সভাপতি হিসেবে বহাল রয়েছেন। 'ফোরাম নেতা' হিসেবে পরিচিত দেওয়ান আমিনুল হক সজলের জায়গায় সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব নিয়েছেন নৌ বাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমডোর এমএ কবির। আরেক 'ফোরাম নেতা' অ্যাডভোকেট আলী ইমাম তপনের জায়গায় অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাবেক দ্রুততম মানব এবং বিজেএমসির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন শামীম। বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে সেলিম চৌধুরীর জায়গা নিয়েছেন বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের ট্রেনিং অ্যান্ড ফ্যাসিলিটিজ কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত লে. কমান্ডার অভিজিত সরকার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/ওআরপি/এমএম/২০৪৫ঘ.