ঢাকা, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- তার জীবনে এটা একেবারে নতুন ঘটনা। ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন ভিনদেশের দয়িত্ব নিয়ে ভারতের সঙ্গেই লড়তে যাচ্ছেন দিল্লীতে !
দিল্লীতে আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় নেহেরু কাপ খেলতে যাচ্ছে নাঈমুদ্দিনের বাংলাদেশ। এ-এক নতুন বাংলাদেশ, খেলোয়াড়দের নিজেদের প্রমাণের পাশাপাশি নতুন কোচের জন্যও এটা বিরাট পরীক্ষা। যেখানে কম্বোডিয়া, সিরিয়া, কিরঘিজস্তানের মতো কঠিন দল আছে। আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতও, বছর দুয়েক আগেও যে দলকে নাঈমুদ্দিনের দল বলা হতো। বাস্তবতা তাকে এমন জায়গায় নিয়ে এসেছে, ওই ভারতের বিপক্ষেই এখন তার লড়াই ! "ব্যাপারটাকে খেলোয়াড়ী মনোভাব নিয়েই সবাইকে মেনে নিতে হবে। আর আমাকে মেনে নিতে হবে পেশাদারী মনোভাব দিয়ে। প্রথম অন্য দলের কোচ হয়ে নিজের দেশের বিপক্ষে, এটা আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এবং অবশ্যই অন্যরকম একটা চ্যালেঞ্জ"--- বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেছেন বাংলাদেশের নতুন এই কোচ।
২০০৫ সালে সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে পাকিস্তান গিয়েছিলেন তিনি ভারতের কোচ হয়ে। সেখানে তাদের কাছে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। ওই দলকে তৈরি করে এই ভারতীয় কোচ এবার টুর্ণামেন্ট খেলতে রওনা হচ্ছেন ভারতে। একটি নয়, নেহেরু কাপের পাশাপাশি মারদেকা কাপের জন্যও একটি দল তৈরি করতে হয়েছে। এটাই নাঈমুদ্দিনের জন্য একটু সমস্যা হয়েছে, "এই অল্প সময়ের মধ্যে দুটো দল তৈরি করা খুব কঠিন। এছাড়া বৃষ্টি, মাঠের সমস্যাও ছিল। ম্যাচ প্র্যাকটিসেরও সময় পাওয়া যায়নি।"
রোববার দুটো টুর্ণামেন্টের জন্য দুটো দল ঘোষণা করেছে বাফুফে। তাতে আগামী ১৯ আগস্ট থেকে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় মারদেকা কাপের দলটি একটু দূর্বল হয়ে গেছে বলেই সাধারণ্যে ধারনা। সেটা কী মানসম্পন্ন পর্যাপ্ত খেলোয়াড়ের অভাবের জন্য ? সরাসরি না বলে তিনি জবাব দিয়েছেন এভাবে, "আসলে একটি দল হলে ভাল হতো। নেহেরুর দলের সঙ্গে মারদেকার দলের শক্তির খুব হেরফের হয়েছে বলে আমার মনে হয়না। ফুটবলারদের মনে করতে হবে তারা কোনো অংশে কম নয় এবং সেটা প্রমাণ করতে হবে মাঠে।"
বিকেএসপির এই ক্যাম্পে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। মাঠে পানি জমে যাওয়ায় অনেকদিন প্র্যাকটিস করা যায়নি। তাই বাংলাদেশের নতুন কোচের আক্ষেপ, "আরেকটু ভাল প্র্যাকটিস হলে হয়ে যেতো। খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। বৃষ্টিভেজা মাঠের কারণে ম্যাচ প্র্যাকটিস করা যায়নি। যার ফলে কম্বিনেশন ও বোঝাপড়ার অভাব রয়ে গেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/১০১০ঘ.
bdnews24