২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরি-জর্জর বাংলাদেশ ফুটবল ক্যাম্প

ইনজুরি ভর করেছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে। আর তা বেশ বিপাকে ফেলে দিয়েছে বাংলাদেশের নতুন কোচ সৈয়দ নাঈমুদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালুকে। তাই ভারসাম্য বজায় রেখে নেহেরু কাপ ও মারদেকা কাপের দল গঠন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2007, 03:01 PM

Updated : 31 Oct 2022, 06:25 PM

ঢাকা, ১১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- ইনজুরি ভর করেছে বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন ক্যাম্পে। আর তা বেশ বিপাকে ফেলে দিয়েছে বাংলাদেশের নতুন কোচ সৈয়দ নাঈমুদ্দিন ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালুকে। তাই ভারসাম্য বজায় রেখে নেহেরু কাপ ও মারদেকা কাপের দল গঠন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার কোচ নিজেই জানিয়েছিলেন নজরুল ও জাহেদ পারভেজের ইনজুরির কথা। শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালু দিয়েছেন আরো দুঃসংবাদ, "ইনজুরির কারণে ভাল দল গঠন করা কঠিন হয়ে গেছে। শুধু নজরুল ও জাহেদ পারভেজ নয়, জাহাঙ্গীর আলম মিন্টু, জাহিদ হেসেন, টিটু ও হাসান আল মামুন ইনজুরিতে পড়েছে। মিন্টুর ইনজুরি এমন মারাত্মক যে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।" আবাহনীর এই লেফটব্যাক অবশ্য বিকেএসপির অনুশীলন ক্যাম্পে চোট পাননি, বি. লিগের শেষ ম্যাচে তিনি পাঁজরে আঘাত পেয়েছিলেন যা পরে ধরা পড়ায় তাকে আর ক্যাম্পে রাখা হয়নি। ক্যাম্পে আছে এখন ৪৬ জন। তাদের মধ্যেই ৫ জন গুরুত্বপূর্ণ ফুটবলার অনুশীলন করতে গিয়ে পড়েছেন ইনজুরিতে। জাহেদ পারভেজের চোট লেগেছে ডান পায়ের গোড়ালিতে, জাহিদ হোসেন প্র্যাকটিস ম্যাচে চোয়ালে আঘাত পেয়েছেন। এছাড়া নজরুল, টিটু ও হাসান আল মামুনেরও ইনজুরি সমস্যা আছে বলে জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সম্পাদক। শুক্রবার তিনি বিকেএসপিতে গিয়েছিলেন, নিজে দেখে এবং খোঁজ-খবর নিয়ে তার মনে হয়েছে, "বৃষ্টিভেজা মাঠে অনুশীলন করতে গিয়েই ফুটবলারদের সমস্যা হয়েছে। মাঠের অবস্থা খুবই খারাপ, তার মধ্যে যতটুকু সম্ভব কোচ চেষ্টা করেছেন দুটো টুর্ণামেন্টের জন্য ফুটবলারদের তৈরি করতে। আমাদের নেহেরু কাপের দলটাকে শক্তিশালী করার যে পরিকল্পনা আছে তা কতটুকু সম্ভব হবে জানি না।" এবছর ডিসেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখেই বাফুফে আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় নেহেরু কাপে শক্তিশালী দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আর দলের সঙ্গেই থাকবেন বাংলাদেশের ভারতীয় কোচ সৈয়দ নাঈমুদ্দিন। ভারতের দিল্লীতে অনুষ্ঠেয় ঐতিহ্যবাহী এই টুর্ণামেন্টে ১৮ আগস্ট বাংলাদেশ প্রথম ম্যাচে খেলবে সিরিয়ার সঙ্গে। তারপর ২০ তারিখ ভারত, ২২ তারিখ কম্বোডিয়া এবং ২৪ তারিখ কিরঘিজস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওদিকে মালয়েশিয়ায় মারদেকা কাপের এ গ্র"পে ২১ আগস্ট ইন্দোনোশিয়ার সঙ্গে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। ২৩ ও ২৫ তারিখ সিঙ্গাপুর ও জিম্বাবুয়ের সঙ্গে খেলবে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২১০০ঘ.