সান্তিয়াগো, ১১ জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- তিন বছর তার কোনো হদিস মিলেনি। সময়টায় বুয়েনস এইরেসের কাছে নিজের খামার নিয়েই ব্যস্ত ছিলেন মার্সেলো বিয়েলসা। 'এল লোকো' বা পাগল ডাক নামের বিয়েলসা আবারও ফিরেছেন ফুটবলে। এবং কোচ হয়েই। চিলির দায়িত্ব নিয়েছেন তিনি, আর তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ পুরনো দল আর্জেন্টিনার বিপক্ষেই। সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হওয়ার পর পদচ্যুত কোচ নেলসন আকোস্টার জায়গা নিয়েছেন বিয়েলসা।
শনিবার চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (এএনএফপি) সভাপতি হ্যারল্ড মেইনে-নিকলস এক বিবৃতিতে জানিয়েছেন, "আগামী বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোর জন্য মার্সেলো বিয়েলসাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছি আমরা। তার মেয়াদ শুরু হবে আজ থেকেই, চুক্তিটা আর্জেন্টিনায় সই করেছি আমরা। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত এর মেয়াদ থাকবে, নয়তো আমরা বাছাইপর্ব উৎরাতে ব্যর্থ হলে বাছাইপর্ব শেষেই শেষ হবে তার চুক্তি।" আগামী ১৩ অথবা ১৪ অক্টোবর বুয়েনস এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে প্রথম ম্যাচ খেলবে চিলি। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে খেলার সুযোগ হয়নি তাদের।
১৯৯৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নিয়েছিলেন বিয়েলসা। তার অধীনেই ২০০২ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হয়েও প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল 'আলবে সেলেস্তে'রা। কিন্তু তাতে চাকুরি হারাননি বিয়েলসা। বরং দলকে আরো গুছিয়ে ২০০৪ সালের কোপা আমেরিকা ফাইনালে নিয়ে যান। ব্রাজিলের কাছে টাইব্রেকারে হেরে রানার্স আপ হয় আর্জেন্টিনা। এর কিছু দিন পর এথেন্স অলিম্পিকে আর্জেন্টিনাকে সোনা জেতান তিনি। কিন্তু সে বছরই ২০০৬ বিশ্বকাপের বাছাইপর্বের মাঝপথে হুট করে পদত্যাগ করেন বিয়েলসা।
বিয়েলসার জন্য চিলির দায়িত্ব নেওয়াটা চ্যালেঞ্জিং সন্দেহ নেই। কোপা আমেরিকায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচের দিনদুয়েক আগে বিশৃংখলার অভিযোগ উঠেছিল চিলির বিরুদ্ধে। দেশে ফেরার পর এএনএফপি অধিনায়ক হোর্হে ভালদিভিয়াসহ ৬ জন খেলোয়াড়কে ২০টি করে আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ করে। শাস্তিটা বহাল থাকায় আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মিস করবেন বিয়েলসা। ভালদিভিয়া ছাড়া বাকিরা হচ্ছেন দুই ফুলব্যাক আলভারো ওরমেনো ও রড্রিগো তেল্লো, ডিফেন্ডার হোর্হে ভার্গাস ও পাবলো কন্ট্রেরাস এবং স্ট্রাইকার রেইনাল্ডো নাভিয়া।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৬৩০ঘ.
bdnews24