২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি নাঈমুদ্দিনের মনমতো হয়নি

নেহেরু কাপ ও মারদেকা কাপ দরজায় কড়া নাড়লেও প্রস্তুতি তেমন ভাল হয়নি জাতীয় ফুটবল দলের। বৃষ্টির কবলে পড়ে বেশ কিছুদিন ভালমতো প্র্যাকটিস করা হয়নি খেলোয়াড়দের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 04:24 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- নেহেরু কাপ ও মারদেকা কাপ দরজায় কড়া নাড়লেও প্রস্তুতি তেমন ভাল হয়নি জাতীয় ফুটবল দলের। বৃষ্টির কবলে পড়ে বেশ কিছুদিন ভালমতো প্র্যাকটিস করা হয়নি খেলোয়াড়দের। বাংলাদেশ দলের নতুন কোচ সৈয়দ নাঈমুদ্দিন শুক্রবার বলেছেন, "গতকালও মাঠে পানি ছিল, এর মধ্যে পুরোদমে প্র্যাকটিস করতে গেলে যে কোনো অঘটন ঘটে যেতে পারে। তাই গত কয়েকদিন মাঠে নেমে সেরকম বল-প্র্যাকটিস করা যায়নি।" এতে প্র্যাকটিস করতে গিয়ে দুদিন আগে জাহেদ পারভেজ ও নজরুল পায়ে সামান্য চোট পেয়েছেন বলে জানিয়েছেন কোচ। তবে বৃষ্টি কোনো সমস্যা হয়ে দাঁড়ায়নি বাংলাদেশ দলের ফিটনেস ট্রেনিংয়ে। "কোচ ফিটনেসের ওপর ভীষণ জোর দিয়েছেন। তিনি এমন ট্রেনিং করাচ্ছেন তাতে আর মেদ বলতে কিছু থাকবে না"---- বলেছেন সদ্যসমাপ্ত বি. লিগের সেরা খেলোয়াড় জাহিদ হাসান এমিলি। বাংলাদেশের এই ভারতীয় কোচও অবশ্য খেলোয়াড়দের প্রশংসা করেছেন, "ফুটবলাররা প্র্যাকটিসে খুব আন্তরিক। তাদের দেখে মনে হয়েছে তারা ভাল কিছু করতে চায়।" বিকেএসপির এই আবাসিক প্র্যাকটিস ক্যাম্পে শুরুরদিকে খাবার-দাবার নিয়ে তার একটু আপত্তি থাকলেও এখন সবকিছু ঠিক হয়ে গেছে বলেই জানিয়েছেন কোচ। ইতিমধ্যে তিনি খসড়া দল করে ফেললেও আগামী রোববার দল দুটি চূড়ান্ত করে ফেলবেন। নেহেরু নাকি মারদেকা, কোন টুর্নামেন্টে শক্তিশালী দল যাবে ? কোচের জবাব, "আমি কোনো টুর্ণামেন্টকেই সহজ মনে করিনা। ফেডারেশন সেক্রেটারির সঙ্গে কথা বলেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।" বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং জাতীয় ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মঞ্জুর হোসেন মালু শুক্রবার পুরোদিন কাটিয়েছেন বিকেএসপিতে। এ ব্যাপারে তার সঙ্গে আলাপ হলেও নাঈমুদ্দিন মুখ খুলতে চাননি। তবে বৃহস্পতিবার মঞ্জুর হোসেন মালু জানিয়েছিলেন নিজের ইচ্ছার কথা, "একই সঙ্গে দুটো টুর্ণামেন্ট হওয়ায় সমস্যা হয়ে গেছে। তাই আমি চাই, অন্তত একটি দল খুব ভাল হোক এবং এই দলের সঙ্গেই থাকুক আমাদের নতুন কোচ।" ১৮ আগস্ট থেকে কুয়ালালামপুরে অনুষ্ঠেয় মারদেকা কাপে বি গ্র"পে বাংলাদেশের সঙ্গী ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও জিম্বাবুয়ে। আর ১৬ আগস্ট থেকে ভারতের দিল্লীতে অনুষ্ঠেয় নেহেরু কাপের দলগুলো হচ্ছে কম্বোডিয়া, সিরিয়া, কিরঘিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক ভারত। আরো একটি দল অংশগ্রহনের কথা থাকলেও তা জানা যায়নি এখনো, অজানা রয়েছে গ্র"পিংও। তবে কোচ কোন দলের সঙ্গে থাকতে চান তা পরিস্কার করেননি, মজা করেই বলেছেন, "দুটো দলের সঙ্গেই থাকতে চাই। এক জায়গায় ম্যাচ শেষ করে প্লেনে অন্য ভেন্যুতে চলে যাবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০৫৭ঘ.