ঢাকা, ৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। তাই সহকর্মীদের বিদায়ী ফুলেল শুভেচ্ছা নিয়ে অশ্র" ঝরিয়ে বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দিলেন আনোয়ারুল হক হেলাল। এখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু।
কথা ছিল বাফুফের সভাতে সদস্যদের মত নেওয়া হবে হেলালের পদত্যাগপত্রের ব্যাপারে। গত সোমবার পদত্যাগ পত্র হাতে পেয়ে এমনই বলেছিলেন বাফুফে সভাপতি এস এ সুলতান। এজন্যই বুধবার জরুরি সভার আয়োজন। সভার কথা শুনুন বাফুফে সভাপতির মুখেই, "মাত্র মিনিটদুয়েক সভা হয়েছে। আসলে এর আগে দুজনের (কাজী সালাউদ্দিন ও আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু) বেলায় সভা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা ওই ঐতিহ্য মেনে এবারও সভা করেছি এবং পদত্যাগ পত্র গৃহীত হয়েছে। নিয়মানুসারে মঞ্জুর হোসেন মালুই দায়িত্ব পালন করবেন।" সভায় হেলাল নিজেও ছিলেন, তাকে কি পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছিল? বাফুফে সভাপতির জবাব, "নো কমেন্টস"।
তবে বাফুফের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল জানিয়েছেন, "সভাপতি তো আমাদের কারো মতামত জানতে চাননি, তিনি হেলালের পদত্যাগপত্র গৃহীত বলেই জানিয়ে দিয়েছেন।" স্পষ্ট হয়ে গেল হেলালকে পদত্যাগপত্র প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানানোর আনুষ্ঠানিক সুযোগ পাননি কেউ।
এক বছর আগে পদত্যাগ করেছিলেন সহ-সভাপতি কাজী সালাউদ্দিন ও যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন চুন্নু। তার সঙ্গে যোগ হল পদত্যাগী সাধারণ সম্পাদক। তিনটি পদ শূন্য হওয়ায় কী কোনো জটিলতা সৃষ্টি হতে পারে ? জবাবে এসএ সুলতান বললেন,"জাতীয় ও আন্তর্জাতিকভাবে জটিলতা সৃষ্টি হতে পারে। তবে নির্বাচন খুব কাছে বলে সেরকম কোনো সমস্যা হবে না। আমরা আশা করছি আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে বাফুফের নির্বাচন করতে পারবো।"
নির্বাচনের জন্য ফিফা গঠনতন্ত্রে কিছু পরিবর্তন-পরিবর্ধনের তাগিদ দিয়েছিল। সেই অনুযায়ী আপনারা কতটা প্রস্তুত ? এসএ সুলতান বলেছেন, "আমাদের কাজ ৪০ শতাংশ এগিয়েছে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাকি ৬০ শতাংশও হয়ে যাবে বলে আশা করি। আজকেও জাতীয় ক্রীড়াপরিষদের সঙ্গে বৈঠক হয়েছে এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশন গড়ার গঠনতন্ত্র চূড়ান্ত পর্যায়ে আছে।"
গত ২৩ জুন বাফুফে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির শেষ পর্যায়ে ফিফা নির্বাচন স্থগিত করার নির্দেশ দিয়েছিল। ওই প্রসঙ্গ টেনেই বুধবার আবার আশঙ্কার প্রশ্ন ওঠে; ফিফা যদি আগের মতো বাফুফে নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারি করে ? শুনে একটু সময় নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, "সবাইকে জানিয়ে দিতে চাই, যে বর্ধিত সময় দেওয়া হয়েছে তার বেশি আমরা থাকতে চাই না।" এখন মেয়াদোত্তীর্ণ হয়েও ফিফার নির্দেশে এক বছর বেশি থাকার বৈধতা পেয়েছে বাফুফের এই কমিটি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০২৮ঘ.
bdnews24